চাঁদপুরে এনসিপির পদযাত্রা নিয়ে সংবাদ সম্মেলন

চাঁদপুরে এনসিপির পদযাত্রা নিয়ে সংবাদ সম্মেলন

কে এম সালাহউদ্দিন, চাঁদপুর প্রতিনিধি

রাষ্ট্রীয় শোক পালন শেষে বুধবার ২৩ জুলাই থেকে আবারও চাঁদপুর থেকে মাসব্যাপী পদযাত্রা শুরু করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এরই ধারাবাহিকতায় বুধবার বেলা ১১টায় চাঁদপুর বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’।

মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে চাঁদপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এনসিপির স্থানীয় নেতৃবৃন্দ।

লিখিত বক্তব্য পাঠ করেন যুগ্ম মুখ্য সমন্বয়ক মো. মাহাবুব আলম। সংবাদ সম্মেলনে জানানো হয়, এই পদযাত্রা একটি ঐতিহাসিক মুহূর্ত তৈরি করতে যাচ্ছে চাঁদপুরবাসীর জন্য। যা আগামী দিনে চাঁদপুর গঠনের স্বপ্নকে জাগিয়ে তুলবে।

অনুষ্ঠানসূচি সংক্ষেপে তুলে ধরে বলা হয়, সকাল ৯টায় চাঁদপুর সার্কিট হাউসে শহীদ পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, বেলা ১১টায় চাঁদপুর বাসস্ট্যান্ডে পথসভা ও পদযাত্রার সূচনা, দুপুর ১টায় হাজীগঞ্জে শহীদ আজাদ চত্ত্বরের উদ্বোধন ও বিকেল ২টায় দোয়াভাঙ্গায় পদযাত্রার মধ্য দিয়ে শেষ হবে।
এই পদযাত্রায় উপস্থিত থাকবেন জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক নাহিদ ইসলাম। আরও উপস্থিত থাকবেন জুলাইয়ের আরেক বিপ্লবী নেতা হাসনাত আব্দুল্লাহ। এ ছাড়াও উপস্থিত থাকবেন সার্জিস আলম, নাসীরউদ্দীন পাটওয়ারী, ডা. তাসনিম জারা, সামান্তা শারমিনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ মিরাজ মিয়া, জেলার প্রধান সমন্বয়ক মো. মাহবুব আলম, এনসিপির যুবশক্তির যুগ্ম সদস্য সচিব ইশরাত জাহান বিন্দু, সংগঠক মেহেদী হাসান তানিম, জেলা যুগ্ম সমন্বয়ক তামিম খান, মুফতি মাহমুদুল হাসান ও সদস্য সাইফুল ইসলাম প্রমুখ।

চাঁদপুরের পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব জানান, এনসিপির পদযাত্রা ঘিরে তারা ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছেন। আশা করছি, কোন ধরনের সমস্যা সৃষ্টি হবে না।

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *