ডেপুটি স্পিকারের স্বাক্ষর জালের অভিযোগে বরগুনার এসি ল্যান্ডের বিরুদ্ধে মামলা

ডেপুটি স্পিকারের স্বাক্ষর জালের অভিযোগে বরগুনার এসি ল্যান্ডের বিরুদ্ধে মামলা

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের স্বাক্ষর ও সংসদ সচিবালয়ের অফিশিয়াল লেটারহেড জাল করে বদলি ঠেকানো এবং ঢাকায় কাঙ্ক্ষিত পদায়নের চেষ্টা করার অভিযোগে বরগুনা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাওন মজুমদার সুমনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মামলাটি ঢাকার শেরেবাংলা নগর থানায় দায়ের করেন জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ উপবিভাগ-১-এর পরিচালক মো. মনির হোসেন। মামলায় শাওন মজুমদারকে প্রধান আসামি করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত শাওন মজুমদার ডেপুটি স্পিকারের জাল স্বাক্ষর এবং সংসদ সচিবালয়ের অফিশিয়াল লেটারহেড ব্যবহার করে একটি ভুয়া আধা-সরকারি (ডিও) চিঠি তৈরি করেন। অভিযোগ অনুযায়ী, ওই জাল নথির মাধ্যমে তিনি নিজের বদলির আদেশ পরিবর্তন করে পছন্দের কর্মস্থলে পদায়নের চেষ্টা করেন।

নথিপত্র অনুযায়ী, শাওন মজুমদারকে বরগুনা সদর থেকে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বদলি করা হয়েছিল। তবে জাল করা ডিও চিঠিতে ওই বদলির আদেশ বাতিল করে তাঁকে ঢাকার কেরানীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে পদায়নের অনুরোধ জানানো হয়।

সংসদ সচিবালয় চিঠিটি যাচাই-বাছাই করে নিশ্চিত হয় যে, তাদের পক্ষ থেকে এ ধরনের কোনো চিঠি ইস্যু করা হয়নি। তদন্তে আরও দেখা যায়, চিঠিতে ব্যবহৃত ডেপুটি স্পিকারের স্বাক্ষর, ভাষাশৈলী, বিন্যাস এবং অন্যান্য নিরাপত্তা বৈশিষ্ট্য সংসদ সচিবালয়ের মূল নথির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

এজাহারে উল্লেখ করা হয়েছে, সরকারি পদায়ন প্রক্রিয়াকে প্রতারণামূলকভাবে প্রভাবিত করার উদ্দেশ্যেই এ জালিয়াতির আশ্রয় নেওয়া হয়েছে। পাশাপাশি ঘটনার পেছনে একটি সুসংগঠিত জালিয়াত চক্র জড়িত থাকতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের স্বার্থে অভিযুক্তদের মোবাইল ফোন, কম্পিউটার ও ই-মেইলের ডিজিটাল ফরেনসিক পরীক্ষা, ভুয়া নথির মুদ্রণের উৎস শনাক্তকরণ এবং সংশ্লিষ্টদের যোগাযোগ ও আর্থিক লেনদেনের তথ্য পর্যালোচনার অনুরোধ জানানো হয়েছে।

দণ্ডবিধির জালিয়াতি, জাল নথি আসল হিসেবে ব্যবহার, প্রতারণা এবং অপরাধমূলক ষড়যন্ত্রসংক্রান্ত ধারায় মামলাটি রুজু করা হয়েছে। এজাহারের সঙ্গে প্রমাণ হিসেবে ভুয়া ডিও চিঠির অনুলিপি, সংসদ সচিবালয়ের প্রকৃত লেটারহেডের নমুনাসহ সংশ্লিষ্ট নথিপত্র জমা দেওয়া হয়েছে।

তবে এ ঘটনায় অভিযুক্ত শাওন মজুমদারের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *