নিকাহ রেজিস্ট্রারদের ৬ দফা দাবি বাস্তবায়নের আহ্বান

নিকাহ রেজিস্ট্রারদের ৬ দফা দাবি বাস্তবায়নের আহ্বান

নিকাহ রেজিস্ট্রারদের পেশাগত অধিকার, মর্যাদা ও সেবার মান উন্নয়নে ছয় দফা দাবি জানিয়েছে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতি। একই সঙ্গে ২০০৯ সালের বিধি অনুযায়ী নিকাহ রেজিস্ট্রারদের বিদ্যমান অধিক্ষেত্র অক্ষুণ্ণ রাখার জোর দাবি জানিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচি থেকে এসব দাবি জানানো হয়।

সমিতির নেতারা বলেন, দেশের মুসলিম নিকাহ রেজিস্ট্রাররা দীর্ঘদিন ধরে বিবাহ ও তালাক নিবন্ধনের গুরুত্বপূর্ণ ধর্মীয়, সামাজিক ও আইনগত দায়িত্ব পালন করে আসছেন। এর মাধ্যমে নাগরিকদের পারিবারিক অধিকার সংরক্ষণ এবং রাষ্ট্রীয় নিবন্ধন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা হচ্ছে।

তবে বর্তমানে নিকাহ রেজিস্ট্রাররা বিভিন্ন প্রশাসনিক ও পেশাগত সমস্যার মুখোমুখি হচ্ছেন বলে দাবি করেন তারা। বিশেষ করে অধিক্ষেত্র সংকোচন, শূন্য পদে নিয়োগ জটিলতা, নিয়োগের ধারাবাহিকতা ব্যাহত হওয়া, বয়সসীমা, শিক্ষাগত যোগ্যতা এবং আইনি সুরক্ষার ঘাটতির কারণে সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানান সংগঠনের নেতারা।

সমিতির ছয় দফা দাবির মধ্যে রয়েছে—২০০৯ সালের বিধি অনুযায়ী নিকাহ রেজিস্ট্রারদের বিদ্যমান অধিক্ষেত্র সম্পূর্ণ অক্ষুণ্ণ রাখা এবং অযৌক্তিকভাবে তা কর্তন বা পরিবর্তন না করা। সারাদেশে নিকাহ রেজিস্ট্রারের শূন্য পদগুলোতে বিধি অনুযায়ী অবিলম্বে স্থায়ী নিয়োগের ব্যবস্থার দাবিও জানানো হয়েছে।

এ ছাড়া মৃত্যু বা অবসরের কারণে শূন্য হওয়া পদে নির্ধারিত যোগ্যতা পূরণ সাপেক্ষে সংশ্লিষ্ট নিকাহ রেজিস্ট্রারের যোগ্য সন্তানকে সরাসরি নিয়োগের ব্যবস্থা করার দাবি জানিয়েছে সংগঠনটি। বিধি অনুযায়ী দায়িত্ব পালনরত শিক্ষকতা পেশায় নিয়োজিত নিকাহ রেজিস্ট্রারদের বৈধ নিয়োগ বহাল রাখারও দাবি করা হয়েছে।

দাবিগুলোর মধ্যে আরও রয়েছে নিকাহ রেজিস্ট্রারদের বয়সসীমা ৭৫ বছর পর্যন্ত বৃদ্ধি, মোবাইল কোর্টের বিধান বাতিলসহ প্রয়োজনীয় আইনি সুরক্ষা নিশ্চিত করা এবং নিকাহ ও তালাক নিবন্ধনের ধর্মীয় ও আইনগত গুরুত্ব বিবেচনায় শিক্ষাগত যোগ্যতা কামিল পাস নির্ধারণ করা।

সংগঠনের পক্ষ থেকে বলা হয়, এসব দাবি বাস্তবায়ন করা হলে নিকাহ রেজিস্ট্রারদের পেশাগত স্থিতিশীলতা নিশ্চিত হওয়ার পাশাপাশি দেশের বিবাহ ও তালাক নিবন্ধন সেবা আরও সুশৃঙ্খল, জনবান্ধব ও কার্যকর হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি মানবিক ও জনস্বার্থ বিবেচনায় ছয় দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানানো হয়।

সংগঠনের পক্ষ থেকে দাবিগুলো প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী ও আইন সচিবের কাছে পেশ করা হয়েছে।

মানববন্ধনে প্রিন্সিপাল মাওলানা নজরুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে বক্তব্য দেন ড. মো. গোলাম কিবরিয়া, কাজী আলমগীর হুসাইন, মাওলানা শফিউল্লাহ, মো. আশরাফ উদ্দিন ভূঁইয়া, সায়েম আজিজুর রহমান, সুমন মফিজুল ইসলাম, নুরুল আমিন, অ্যাডভোকেট শাহীন পারভেজ, মাওলানা রুবেল, শাহ মাহমুদ রেজা, মাহবুবুর রহমান, আবু হানিফ, বিল্লাল হুসাইন, ইসরাফিল হোসেন সাভারি, নুরুল ইসলাম চৌধুরীসহ অনেকে।

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *