নিজ জেলা ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল
ঠাকুরগাঁও প্রতিনিধি
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁওয়ে দুই দিনের সরকারি সফরে পৌঁছেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে হেলিকপ্টারে করে তিনি ঠাকুরগাঁও শহরের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়াম মাঠে অবতরণ করেন।
এরপর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জেলা সার্কিট হাউসে যান। সেখানে তাকে গার্ড অব অনার দেওয়ার কথা রয়েছে।
রাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে ঠাকুরগাঁওজুড়ে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন স্থাপনা সাজানো হয়েছে তোরণ ও আলোকসজ্জায়। একই সঙ্গে রাষ্ট্রপতির নিরাপত্তায় জোরদার করা হয়েছে আইনশৃঙ্খলা ব্যবস্থা।
সফরের প্রথম দিনে রাষ্ট্রপতি শহরের সেনুয়া কবরস্থানে তাঁর বাবা-মায়ের কবর জিয়ারত করবেন। এরপর ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠে নাগরিক কমিটির আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে। সংবর্ধনা শেষে তিনি নিজ বাড়িতে গিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও আত্মীয়স্বজনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। রাতে নিজ বাড়িতেই অবস্থান করবেন রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম লুৎফর রহমানের সই করা বিজ্ঞপ্তি অনুযায়ী, সোমবার সকালে রাষ্ট্রপতি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও আত্মীয়স্বজনের সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা রয়েছে তাঁর। পরে সার্কিট হাউসে ফিরে গার্ড অব অনার গ্রহণ করে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে ঠাকুরগাঁও ছাড়বেন তিনি।
রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর এটি তাঁর নিজ জেলায় প্রথম সফর। ফলে তাঁকে একনজর দেখতে এবং বরণ করে নিতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
ঠাকুরগাঁওয়ের সঙ্গে মির্জা ফখরুলের সম্পর্ক
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্ম ১৯৪৮ সালের ২৬ জানুয়ারি। তাঁর শৈশব ও কৈশোর কেটেছে ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি এলাকায়। তিনি ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয় থেকে মাধ্যমিক এবং ঢাকা কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত হন মির্জা ফখরুল। ১৯৭২ সালে বিসিএস (শিক্ষা) ক্যাডারে যোগ দিয়ে ঢাকা কলেজে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। বিভিন্ন সরকারি দায়িত্ব পালনের পর আবার শিক্ষকতায় ফেরেন তিনি। পরে ১৯৮৮ সালে সরকারি চাকরি ছেড়ে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন।
১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপিতে যোগ দেন মির্জা ফখরুল। ১৯৯২ সালে তাঁকে ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি করা হয়। ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
বিএনপি সরকার গঠন করলে প্রথমে কৃষি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং পরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন মির্জা ফখরুল।
২০১১ সালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পান তিনি। ২০১৬ সালের ১৯ মার্চ দলের ষষ্ঠ জাতীয় সম্মেলনে মহাসচিব নির্বাচিত হন। দীর্ঘদিন এই দায়িত্ব পালনের পর ২০২৬ সালের সংসদ নির্বাচনে জয়ী হয়ে বিএনপি সরকার গঠন করলে তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পান।
এরপর চলতি বছরের ২১ আগস্ট রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা সফরে এসে শৈশব-কৈশোরের স্মৃতিবিজড়িত ঠাকুরগাঁওয়ে দুই দিন কাটাচ্ছেন তিনি।
