নিতাই রায়ের সঙ্গে বসতে চাই না: যুবদল নেতা নয়ন

নিতাই রায়ের সঙ্গে বসতে চাই না: যুবদল নেতা নয়ন

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

মাগুরা-২ আসনে বিএনপির দুই পক্ষের বিরোধ নিরসনে সংসদ সদস্য ও সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীর সঙ্গে বসতে চান না বলে জানিয়েছেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত ৯টার দিকে মাগুরার মহম্মদপুর উপজেলার পানিঘাটা গ্রামে নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

নিতাই রায় চৌধুরীর সঙ্গে সমঝোতার বিষয়ে জানতে চাইলে রবিউল ইসলাম নয়ন বলেন, “না, আমি নিতাই রায়ের সঙ্গে বসতে চাই না। বসতে চাই না এই কারণে, আমি তো সরকারের কোনো পার্ট না। আমি কেন বসব? নিতাই রায় বসবে জনগণের সঙ্গে।”

নয়ন অভিযোগ করেন, নিতাই রায় চৌধুরীর লোকজন জনগণের অর্থ লুটপাট করছে। এ কারণে মন্ত্রী জনগণের কাছে দায়বদ্ধ এবং তাঁকেই জনগণের সঙ্গে বসতে হবে বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, “আমি সাধারণ মানুষের আশা পূরণে কাজ করে যাচ্ছি। উনি আসেন, বাড়িতে ওঠেন, আর সার্কিট হাউসে ওঠেন।”

এ সময় নিতাই রায় চৌধুরীর ব্যক্তিগত আচরণ নিয়েও অভিযোগ করেন নয়ন। তিনি বলেন, কয়েক দিন ধরে তিনি বিষয়টি লক্ষ্য করছেন এবং এ নিয়ে তাঁর আপত্তি রয়েছে।

এদিকে স্থানীয় বিএনপি সূত্রে জানা গেছে, মাগুরা-২ আসনে দলটির রাজনীতিতে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ রয়েছে। উপজেলা বিএনপির একটি অংশ নিতাই রায় চৌধুরীর অনুসারী এবং অপর অংশ কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম নয়নের অনুসারী।

গত ২৪ আগস্ট মহম্মদপুর উপজেলায় বিএনপির দুই পক্ষের মুখোমুখি অবস্থান ও পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়। সম্ভাব্য সংঘর্ষ এড়াতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে বিপুলসংখ্যক পুলিশ, বিজিবি ও র‍্যাব সদস্য মোতায়েন করা হয়।

পরে জেলা বিএনপির আশ্বাসে উভয় পক্ষ তাদের পূর্বনির্ধারিত কর্মসূচি স্থগিত করে। একই সঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও বিরোধ দ্রুত সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *