পুলিশের কেউ ফ্যাসিবাদী শক্তির সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা: স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
পুলিশের কোনো সদস্য ফ্যাসিবাদী শক্তির সঙ্গে যোগাযোগ রাখলে এবং শৃঙ্খলা ভঙ্গ করলে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলাসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে পদক প্রদান অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের কেউ কেউ এখনও ফ্যাসিবাদী শক্তির সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। শৃঙ্খলা না মানলে সরকার প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে পিছপা হবে না।
তিনি বলেন, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা, শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন নাগরিক অপরাধের শিকার হলে কিংবা নিরাপত্তাহীনতা অনুভব করলে প্রথমেই পুলিশের কাছে যান। তাই জনগণের আস্থা অর্জন করা পুলিশের অন্যতম প্রধান দায়িত্ব।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, পুলিশের দায়িত্ব শুধু অপরাধী গ্রেপ্তার বা আইন প্রয়োগের মধ্যে সীমাবদ্ধ নয়। মানুষের নিরাপত্তা, অধিকার ও মর্যাদা রক্ষা এবং রাষ্ট্রের প্রতি নাগরিকের আস্থা তৈরির বিষয়টিও পুলিশের দায়িত্বের সঙ্গে সম্পৃক্ত।
তিনি বলেন, সরকার এমন একটি পুলিশ বাহিনী গড়ে তুলতে চায়, যা দক্ষতা ও পেশাদারিত্বে আধুনিক, প্রযুক্তিতে সক্ষম, আচরণে মানবিক, আইন প্রয়োগে দৃঢ় এবং দায়িত্ব পালনে নিরপেক্ষ হবে। জনগণের আস্থা ও নির্ভরতার প্রতীক হিসেবে পুলিশকে গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন তিনি।
সাইবার অপরাধ, অনলাইন প্রতারণা, ডিজিটাল জালিয়াতি ও আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় আধুনিক প্রযুক্তি ও তদন্ত কৌশল ব্যবহারের ওপর জোর দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ পুলিশকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। সাইবার অপরাধ মোকাবিলায় স্বতন্ত্র সাইবার ইউনিট চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।
পুলিশের প্রতি জনগণের আস্থা কমে যাওয়ার প্রসঙ্গে তিনি বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর গত কয়েক মাসে পুলিশের ইমেজ পুনঃপ্রতিষ্ঠা ও জনআস্থা ফিরিয়ে আনার জন্য প্রাতিষ্ঠানিক, লেজিসলেটিভ ও প্রশাসনিকভাবে বিভিন্ন উদ্যোগ নিয়েছে।
পুলিশ সদস্যদের সতর্ক করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাঠপর্যায়ে দায়িত্ব পালন না করা, অবহেলা করা কিংবা ফ্যাসিবাদী শক্তিকে গোপনে তথ্য দিয়ে বা অন্যভাবে সহযোগিতা করার তথ্য সরকারের কাছে রয়েছে। কোনো কর্মকর্তা জনপ্রত্যাশা অনুধাবন করতে ব্যর্থ হলে তার পরিণতি ভালো হবে না।
তিনি আরও বলেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে ভালো বিশ্বাসে ছোটখাটো ভুল হলে তা সেভাবেই বিবেচনা করা হবে। তবে শৃঙ্খলাভঙ্গের পাশাপাশি কোনো অপরাধ সংঘটিত হলে শুধু বিভাগীয় ব্যবস্থা নয়, সংশ্লিষ্ট অপরাধের জন্য ফৌজদারি আইন অনুযায়ীও ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশের সক্ষমতা বৃদ্ধি, আধুনিকায়ন ও কল্যাণে সরকার গুরুত্ব দিচ্ছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রশিক্ষণ, প্রযুক্তি, সরঞ্জাম ও অন্যান্য সুযোগ-সুবিধা বাড়ানোর উদ্যোগ অব্যাহত থাকবে। একই সঙ্গে পুলিশের জনবল ও লজিস্টিক সক্ষমতা বাড়ানোর কথাও জানান তিনি।
