প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে প্রবেশের চেষ্টা, সেই যুবক রিমান্ডে
নিজস্ব প্রতিবেদক
ঢাকার ফার্মগেটে একটি অনুষ্ঠানে যোগ দিতে আসা প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্ধারিত নিরাপত্তা বেষ্টনীতে প্রবেশের চেষ্টার অভিযোগে আটক মোটরসাইকেল চালক মুহিবুল্লাহ মুবিনকে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
সোমবার (৭ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক শুনানি শেষে এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) আসাদুর রহমান আসামি মুহিবুল্লাহ মুবিনকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষে অ্যাডভোকেট শামসুদ্দোহা সুমন রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন।
অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল করে তার জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত মুহিবুল্লাহ মুবিনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পুলিশ জানায়, গত ৫ সেপ্টেম্বর বিকেল ৪টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান অনুষ্ঠানস্থলে প্রবেশ করার পরপরই ওই যুবক নির্ধারিত নিরাপত্তা বেষ্টনীতে প্রবেশের চেষ্টা করেন। পরে তাকে আটক করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করা হয়েছে। মামলাটি তদন্ত করছে তেজগাঁও থানা পুলিশ।
