ফরিদপুরে নিষ্ক্রিয় করা হলো ‘রিমোট কন্ট্রোল বোমা’

ফরিদপুরে নিষ্ক্রিয় করা হলো ‘রিমোট কন্ট্রোল বোমা’

ফরিদপুরে আলীপুর সেতুর কাছে পাওয়া স্কুলব্যাগে থাকা বোমাটি নিষ্ক্রিয় করা হয়েছে। এটি ছিল একটি রিমোট কন্ট্রোল বোমা। পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) বোমা নিষ্ক্রিয়করণ দল আজ রোববার সকালে এটি নিষ্ক্রিয় করে।

এটিইউ দলের পরিদর্শক শংকর কুমার ঘোষ জানান, এটি ছিল রিমোট কন্ট্রোল ডিভাইস দ্বারা পরিচালিত একটি শক্তিশালী বোমা।

রোববার সকাল সাড়ে ৯টার দিকে শহরের বিসর্জন ঘাট এলাকায় কুমার নদের পাড়ে বোমাটি নিষ্ক্রিয় করার কাজ শুরু করে ঢাকা থেকে আসা ১০ সদস্যের এটিইউ দল। এ সময় আলীপুর সেতুর দুই পাশে এবং নদীর দুই পাড়ে জনসাধারণের চলাচল বন্ধ করে দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বোমাটির সঙ্গে তার যুক্ত করে প্রায় ৫০ মিটার দূর থেকে ইলেকট্রিক সংযোগের মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হয়। বিকট শব্দে বোমাটি বিস্ফোরিত হয়।

এর আগে শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুর শহরের আলীপুর সেতুর দক্ষিণ পাড়ে একটি পাটখড়ির গাদায় স্কুলব্যাগে বোমাটি পাওয়া যায়। গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাগটি উদ্ধার করে বিসর্জন ঘাট এলাকায় বালুর বস্তা দিয়ে সুরক্ষিত করে রাখে। পরে ঢাকা থেকে এটিইউ দলকে খবর দেওয়া হয়।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমির হোসেন বলেন, শনিবার দুপুর থেকে এলাকাটি ঘিরে রেখেছিল সেনাবাহিনী। খড়ির গাদার ভেতর থেকে উদ্ধার করা ব্যাগে টেপ মোড়ানো বোমাটি পাওয়া যায়।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুজ্জামান জানান, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *