ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

ফ্যাসিবাদ ও জুলাই গণ-অভ্যুত্থানের প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

সোমবার দুপুর ১টার দিকে এনসিপির একটি প্রতিনিধি দল সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠকে বসে।

বৈঠক শেষে নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনাকে ৫ আগস্টই পরাজিত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ঘোষিত সাজার রায় কার্যকরের দাবি জানিয়েছেন তাঁরা।

এ ছাড়া ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর বিষয়ে ভারতকে শক্ত বার্তা দেওয়ার আহ্বান জানিয়েছেন এনসিপির নেতারা। দেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভুল তথ্য প্রচার ও অপপ্রচার বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়েও তাঁরা প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন।

বৈঠকে এনসিপির পক্ষে নেতৃত্ব দেন নাহিদ ইসলাম। প্রতিনিধি দলে আরও ছিলেন দলটির সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ এবং যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য আকরাম হোসাইন।

এর আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে গত ১৮ নভেম্বর জাতীয় সংসদে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে এক মঞ্চে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। একই দিন সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমানও রাজনৈতিক দলগুলোর ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরেন। এ বিষয়ে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা একান্তে আলোচনা করেন।

এরই ধারাবাহিকতায় সোমবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপ শুরু হয়েছে। প্রথম দল হিসেবে এনসিপির নেতারা সরকারপ্রধানের সঙ্গে বৈঠক করেন। জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতসহ অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও পর্যায়ক্রমে আলোচনায় বসার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *