ভারতে আশ্রয় নিয়েও দেশে নাশকতা চালাচ্ছেন শেখ হাসিনা: রিজভী
জ্যেষ্ঠ প্রতিবেদক
ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে অগ্নিসন্ত্রাস ও নাশকতা চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিলেও শেখ হাসিনা বসে নেই। ক্ষমতার মোহে এখনো প্রতিশোধের রাজনীতি করছেন।
সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
‘পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার দোসরদের দেশব্যাপী পরিকল্পিত নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে’ অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) এ সমাবেশের আয়োজন করে।
রিজভী অভিযোগ করেন, মানুষের মৌলিক ও গণতান্ত্রিক অধিকার হরণ করে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। তবে দেশ ছাড়ার পরও তাঁর হিংসাত্মক আচরণের পরিবর্তন হয়নি। গত ১৭ বছর ক্ষমতায় থাকাকালে যে নীতি অনুসরণ করেছেন, এখনো সেই পথেই হাঁটছেন তিনি।
দেশের বিভিন্ন স্থানে নাশকতার চিত্র তুলে ধরে বিএনপির এই নেতা দাবি করেন, বিএনপি নেতাকর্মীদের বাড়িঘর, গাড়ি, পোশাক কারখানা ও পুলিশের স্থাপনায় আগুন দেওয়া হচ্ছে। বিদেশে পাচার করা অর্থ থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা পাঠিয়ে দেশে আত্মগোপনে থাকা সন্ত্রাসীদের দিয়ে এসব নাশকতা চালানো হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
বর্তমান সরকারের পদক্ষেপের বিষয়ে রিজভী বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার অত্যন্ত ধৈর্যের সঙ্গে গণতান্ত্রিক ও আইনি প্রক্রিয়ায় এসব তাণ্ডব মোকাবিলা করছে। অতীতের আওয়ামী লীগ সরকারের মতো নির্বিচারে গুলি চালিয়ে মানুষ হত্যা করা হচ্ছে না। এটাই তারেক রহমানের সঙ্গে শেখ হাসিনার পার্থক্য।
ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগ নেতাদের তৎপরতা নিয়েও প্রশ্ন তোলেন রিজভী। তিনি বলেন, পার্শ্ববর্তী দেশ থেকে কূটনৈতিক শিষ্টাচারের কথা বলা হয়। কিন্তু ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের চার নেতা বাংলাদেশের সীমান্তবর্তী পেট্রাপোলে দেশটির ইমিগ্রেশন কর্মকর্তাদের সঙ্গে কীভাবে বৈঠক করলেন? সরকারের সবুজ সংকেত ছাড়া সরকারি কর্মকর্তারা কীভাবে পলাতক নেতাদের সঙ্গে বৈঠক করতে পারেন? এটি গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত দেয়।
তিনি আরও বলেন, শিশু, কিশোর ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হত্যাকারীদের জায়গা বাংলাদেশের মাটিতে হবে না। দেশের সাধারণ মানুষ ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে সব ষড়যন্ত্র প্রতিহত করবে।
এ্যাবের সদস্যসচিব প্রকৌশলী শোয়েব বাশরী হাবলুর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন প্রকৌশলী খান মুর্শিদ, প্রকৌশলী হারুন অর রশিদ, প্রকৌশলী মিয়া মো. কাইয়ুম ও প্রকৌশলী এনায়েত হোসেন প্রমুখ।
