বই সমাজের দর্পণ, মানবিক পৃথিবী গড়তে এর ভূমিকা অনন্য
বই সমাজের দর্পণ এবং মানুষের প্রকৃত বন্ধু—একটি মানবিক পৃথিবী গড়তে বইয়ের ভূমিকা অনন্য। এমন মন্তব্য করেছেন বক্তারা।
ছায়ানীড়ের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত শুক্রবার বিকেলে রাজধানীর জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে গ্রন্থ প্রকাশনা ও সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর সম্মানিত ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, বই মানুষকে চিন্তাশীল করে তোলে, মূল্যবোধ গড়ে এবং সমাজকে আলোকিত করে। পাঠচর্চা ছাড়া টেকসই ও মানবিক সমাজ কল্পনা করা যায় না।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, ভাষা ও সংস্কৃতির বিকাশে বইয়ের ভূমিকা অপরিসীম। বাংলা ভাষার বিশ্বায়নে সাহিত্যিকদের অবদান স্মরণযোগ্য।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের পাট অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) সৈয়দ মো. নূরুল বাসির, বাংলাদেশ রেলওয়ের সাবেক মহাব্যবস্থাপক (পূর্ব) মো. জাহাঙ্গীর হোসেন, ছায়ানীড়ের উপদেষ্টা আবুল কাশেম চৌধুরী এবং বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার গোলাম নবী।
অনুষ্ঠানে সাবেক ব্যাংকার, লেখক ও মুক্ত পাঠাগারের অন্যতম পৃষ্ঠপোষক প্রিন্সিপাল সুকুমার চক্রবর্তী এবং বিশিষ্ট সঙ্গীতশিল্পী ড. ছন্দা চক্রবর্তীসহ মোট ২১ জন গুণীজনকে সংবর্ধনা দেওয়া হয়। একই সঙ্গে ১৪টি নতুন গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।
উন্মোচিত গ্রন্থগুলোর মধ্যে রয়েছে—লায়ন অ্যাড. আলতামাসুল ইসলাম আকন্দ ইকবালের ‘যেখানে আঁধার আকাশ ভরা সেখানে কবিতা ধ্রুবতারা’, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক দীপক কুমার পাল চৌধুরীর ‘বাংলাদেশের স্বাস্থ্যসেবায় টাঙ্গাইলের সুচিকিৎসক’, রফিকুল ইসলাম তালুকদারের ‘বিশ্বময় বাংলা ভাষা’, সাদি সালমানের ‘পৃথিবীর পথে পথে বাংলা ভাষা’, শেফালি দাসের ‘আলো আমার আলো’, মৃণাল কান্তি চক্রবর্তীর ‘প্রেমাভক্তি গাঁথা গীতিমাল্য’, অধ্যাপক মুহাম্মদ শামসুজ্জোহার রচনা সমগ্র, তানিয়া আক্তারের ‘জুলাইয়ের অগ্নিশিখা শহীদ আলিফ’, জাকিয়া পারভীনের ‘উৎসব’, কবিতা রায়ের ‘একুশের অঙ্গীকার’, বুলবুল আহমদ শামীমের ‘ব্যঞ্জনবর্ণে তুমি’, লিজা তালুকদারের ‘আমার মন যখন যেমন’ এবং রুহুল আমীন রুবেলের রচনাসম্ভার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইতিবাচক চিন্তার মননশীল লেখক, বুরো বাংলাদেশের চেয়ারপার্সন এবং ছায়ানীড়ের উপদেষ্টা ড. ইউসুফ খান।
সংবর্ধিত শিল্পী ড. ছন্দা চক্রবর্তীর পরিবেশিত সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।
