বক্স অফিসে ঝড় তুলল ‘প্রজাপতি ২’

বক্স অফিসে ঝড় তুলল ‘প্রজাপতি ২’

বক্স অফিসে দেব মানেই সাফল্যের নিশ্চয়তা—এই পুরোনো সমীকরণ আবারও প্রমাণিত হলো। বড়দিনে মুক্তি পাওয়া অভিনেতা দেবের বহুল প্রতীক্ষিত সিনেমা প্রজাপতি ২ মুক্তির শুরুতেই আয়ের দিক থেকে বড় চমক দেখিয়েছে। দর্শকের প্রত্যাশা আর উন্মাদনার প্রতিফলন মিলেছে বক্স অফিসের হিসাবেও।

স্যাকনিল্কের পরিসংখ্যান অনুযায়ী, মুক্তির প্রথম তিন দিনে—গত বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) থেকে শনিবার পর্যন্ত—প্রজাপতি ২ আয় করেছে মোট ১ কোটি ৫৭ লাখ রুপি। বড়দিনে প্রথম দিনেই ছবিটির ওপেনিং দাঁড়ায় ৮২ লাখ রুপি। পরদিন শুক্রবার আয় হয় ৩২ লাখ এবং শনিবার সংগ্রহ দাঁড়ায় ৪৩ লাখ রুপিতে। রবিবারের হিসাব যোগ হলে ছবিটির মোট আয় আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

একই সময়ে বক্স অফিসে দেবকে টক্কর দিতে মাঠে নেমেছিল শুভশ্রী গাঙ্গুলী ও পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের বিগ বাজেট সিনেমা লহ গৌরাঙ্গের নাম রে। প্রচারণায় আলোচনায় থাকলেও বক্স অফিসে ছবিটি আশানুরূপ সাড়া পায়নি। স্যাকনিল্কের হিসাব বলছে, তিন দিনে ছবিটির মোট আয় মাত্র ৩১ লাখ রুপি। এর মধ্যে প্রথম দিন ১৮ লাখ, দ্বিতীয় দিন ৬ লাখ এবং তৃতীয় দিন ৭ লাখ রুপি সংগ্রহ করেছে সিনেমাটি—যা দেবের ছবির এক দিনের আয়ের তুলনায়ও কম।

এই প্রতিযোগিতায় পিছিয়ে নেই কোয়েল মল্লিকও। তাঁর জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি মিতিন মাসি সিরিজের নতুন কিস্তি একটি খুনীর সন্ধানে মুক্তি পেয়েছে একই দিনে। প্রথম তিন দিনে ছবিটি আয় করেছে ৩৪ লাখ রুপি। যদিও এই আয় শুভশ্রীর ছবির চেয়ে সামান্য বেশি, তবে প্রজাপতি ২-এর আয়ের ধারেকাছেও পৌঁছাতে পারেনি।

সব মিলিয়ে বড়দিনের বক্স অফিসে একচ্ছত্র আধিপত্য বজায় রেখেছে দেব অভিনীত প্রজাপতি ২।

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *