বাসের নতুন ভাড়া নির্ধারণ বৃহস্পতিবার

বাসের নতুন ভাড়া নির্ধারণ বৃহস্পতিবার

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে বৃহস্পতিবার বাস ভাড়া পুনর্নির্ধারণের সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে যানবাহনের ভাড়া সমন্বয় সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

মন্ত্রী বলেন, ‘আমরা নিজেদের মধ্যে আলোচনা করেছি। এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আশা করা যায় কাল (বৃহস্পতিবার) ভাড়া বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত হবে।’

সম্প্রতি মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে অস্থিরতা দেখা দিয়েছে। এর প্রভাবে বাংলাদেশেও গত দেড় মাস ধরে জ্বালানি তেল নিয়ে চাপ তৈরি হয়। শেষ পর্যন্ত সরকার সব ধরনের জ্বালানি তেলের দাম সমন্বয় করে বাড়ানোর সিদ্ধান্ত নেয়।

সরকারি ঘোষণায় জানানো হয়, ১৯ এপ্রিল মধ্যরাত থেকে নতুন দাম কার্যকর হয়। এতে প্রতি লিটার ডিজেল ১০০ টাকা থেকে বেড়ে ১১৫ টাকা, অকটেন ১২০ টাকা থেকে ১৪০ টাকা, পেট্রোল ১১৬ টাকা থেকে ১৩৫ টাকা এবং কেরোসিন ১১২ টাকা থেকে ১৩০ টাকা নির্ধারণ করা হয়।

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরই বাস ও ট্রাক ভাড়া বাড়ানোর দাবি জোরালো হয় পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের পক্ষ থেকে। যদিও সরকার এখনো আনুষ্ঠানিকভাবে ভাড়া বৃদ্ধি না করায় কোথাও কোথাও যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে, যা নিয়ে যাত্রী ও পরিবহন শ্রমিকদের মধ্যে বাগবিতণ্ডার ঘটনাও ঘটছে।

এ পরিস্থিতিতে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি জানিয়েছে, সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত বাড়তি ভাড়া আদায় না করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে বাস ও ট্রাক ভাড়া নির্ধারণ নিয়ে মঙ্গলবার সচিবালয়ে পরিবহন মালিক, শ্রমিক ও সরকারের প্রতিনিধিদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের ধারাবাহিকতায় আগামীকাল চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *