বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি নৌকাবাইচ, ১৪৪ ধারা জারি

বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি নৌকাবাইচ, ১৪৪ ধারা জারি

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একই স্থানে বিএনপি ও জামায়াতের পাল্টাপাল্টি নৌকাবাইচ আয়োজনকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় করতোয়া নদীর কালীগঞ্জ নৌকা ঘাট এলাকায় অলিখিতভাবে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে প্রশাসন ও স্থানীয় সূত্রে এ তথ্য জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, উপজেলা জামায়াতে ইসলামী ৪ ও ৫ সেপ্টেম্বর এবং বিএনপি ৭ থেকে ৯ সেপ্টেম্বর কালীগঞ্জ ঘাটে নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি নেয়। একই স্থানে দুই দলের পৃথক আয়োজনকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হলে ঘাট এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির আশঙ্কা দেখা দেয়।

বিএনপির আয়োজক কমিটির আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য সেলিম রেজা বলেন, ৭ থেকে ৯ সেপ্টেম্বর কালীগঞ্জ ঘাটে ১৭তম নৌকাবাইচ প্রতিযোগিতা আয়োজনের প্রস্তুতি চলছিল। এর মধ্যে জামায়াতের পক্ষ থেকে একই স্থানে ৪ ও ৫ সেপ্টেম্বর নৌকাবাইচ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়। বিষয়টি নিয়ে সবার সঙ্গে সমন্বয় করে আয়োজনের চেষ্টা করা হচ্ছে।

জামায়াতের নৌকাবাইচ উদ্‌যাপন কমিটির সাধারণ সম্পাদক ও পঞ্চকোশী ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম পেনু বলেন, ৪ ও ৫ সেপ্টেম্বর নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছিল। একই স্থানে দুই পক্ষের আয়োজন থাকায় জটিলতা তৈরি হয়েছে।

উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, নৌকাবাইচ আয়োজনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী তাঁদের আয়োজন থেকে বিরত থাকতে বলা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলাম বলেন, নৌকাবাইচ আয়োজনের বিষয়ে উপজেলা প্রশাসনের কাছে কোনো পক্ষই লিখিত আবেদন দেয়নি। সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা থাকায় অলিখিতভাবে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

তিনি আরও বলেন, নিষেধ করার পরও যদি তাঁরা নৌকাবাইচ আয়োজন করতেন, তাহলে লিখিতভাবে ১৪৪ ধারা জারি করা হতো।

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *