বোলার হান্টে নতুন প্রতিভার সন্ধান পেয়েছেন মুশতাক আহমেদ

বোলার হান্টে নতুন প্রতিভার সন্ধান পেয়েছেন মুশতাক আহমেদ

ক্রীড়া প্রতিবেদক

দেশজুড়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজিত ‘বোলার হান্ট’ শেষে তরুণ ও প্রতিভাবান স্পিনারদের খোঁজ পেয়েছেন বাংলাদেশের স্পিন কোচ মুশতাক আহমেদ। নতুন প্রতিভাদের নিয়ে আশাবাদী এই পাকিস্তানি কিংবদন্তি মনে করেন, বোলারদের মৌলিক দক্ষতা উন্নত করতে পারলে তারা আন্তর্জাতিক ক্রিকেটে ভালো করতে পারবেন।

অক্টোবরজুড়ে দেশব্যাপী অনুষ্ঠিত বোলার হান্টে দেশি কোচদের পাশাপাশি কাজ করেছেন বিদেশি বিশেষজ্ঞরাও। রোববার (১ নভেম্বর) গণমাধ্যমের মুখোমুখি হয়ে এ কার্যক্রম নিয়ে সন্তোষ প্রকাশ করেন মুশতাক।

তিনি বলেন, ‘এখানে প্রচুর স্পিনার আছে, যাদের খুব ভালো অ্যাকশন এবং বল স্পিন করানোর দক্ষতা রয়েছে। তারা খুবই প্রতিভাবান। আমাদের নিশ্চিত করতে হবে, তাদের যেন শক্ত বেসিক থাকে। আমরা যদি এখন প্রক্রিয়াটা উন্নত করতে পারি, তাহলে আশা করি টি-টোয়েন্টি, ওয়ানডে ও টেস্ট ক্রিকেটে তারা খেলতে পারবে।’

বোলারদের মৌলিক দক্ষতার গুরুত্ব তুলে ধরে মুশতাক বলেন, বেসিক শক্তিশালী না হলে স্পিনার, ফাস্ট বোলার কিংবা ব্যাটসম্যান—কেউই ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করতে পারবেন না। তাই খেলোয়াড়দের উন্নয়নে এ ধরনের ক্যাম্প গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, ‘বেসিকসহ সবকিছু সহজ করে তোলা দরকার। তারা সহজ জিনিস দীর্ঘ সময় মনে রাখতে পারবে। তারা খুবই প্রতিভাবান, তবে স্পিনার হিসেবে বেসিক জিনিসগুলো শেখা গুরুত্বপূর্ণ।’

বোলার হান্টে মিস্ট্রি স্পিনারদেরও নজরে রেখেছেন বাংলাদেশের স্পিন কোচ। এ বিষয়ে তিনি বলেন, ‘এখানে অনেক রহস্যময় বোলার রয়েছে। আমরা তাদের দেখছি। আশা করি, কয়েক দিনের মধ্যে তাদের অ্যাকশন ও অন্যান্য বিষয় দেখে খুব ভালো স্পিনার নির্বাচন করতে পারব। এরই মধ্যে দুজন খুব ভালো রহস্য স্পিনার রয়েছে।’

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *