ব্রিকসে তারেক রহমান যাচ্ছেন কি না, জানে না ভারত

ব্রিকসে তারেক রহমান যাচ্ছেন কি না, জানে না ভারত

ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যাচ্ছেন কি না, সে বিষয়ে কোনো তথ্য নেই বলে জানিয়েছে ভারত। এমনকি প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে অন্য কেউ সম্মেলনে অংশ নেবেন কি না, সেটিও দিল্লির জানা নেই।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে মুখপাত্র রণধীর জয়সোয়াল এ কথা জানান।

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন। সম্মেলনের আউটরিচ পর্বে বিমসটেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে ভারত।

তবে সম্মেলনে তারেক রহমানের অংশগ্রহণের বিষয়ে জানতে চাইলে রণধীর জয়সোয়াল বলেন, এ বিষয়ে ভারত সরকারের কাছে কোনো তথ্য নেই। প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে কেউ অংশ নেবেন কি না, সে সম্পর্কেও কোনো তথ্য জানা নেই।

এর আগে গত ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে বিএনপি জয়ী হয়ে সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের আমন্ত্রণ জানিয়েছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার।

এদিকে ব্রিকস সম্মেলন ঘিরে বাংলাদেশের অংশগ্রহণের বিষয়টি আলোচনায় থাকলেও প্রধানমন্ত্রীর উপদেষ্টা এর আগে জানিয়েছিলেন, সম্মেলনে তারেক রহমানের অংশগ্রহণের বিষয়ে তখনও কোনো সিদ্ধান্ত হয়নি।

ব্রিফিংয়ে রণধীর জয়সোয়ালকে ভারতে অবস্থান করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে প্রশ্ন করা হয়। জবাবে তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফেরার বিষয়ে কোনো উদ্বেগ জানিয়েছেন কি না, সে বিষয়েও ভারত অবগত নয়।

এর আগে গত ৫ আগস্ট দিল্লির ফরেন করেসপন্ডেন্ট ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি বক্তব্য দেন শেখ হাসিনা। এ ঘটনায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ক্ষোভ জানানো হয়। একই সঙ্গে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবিও জোরালো হয়।

বর্তমানে ব্রিকসের সদস্য দেশ হলো—ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, মিশর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ইরান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত।

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *