মামলার জবাব দিতে সময় পেলেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী

মামলার জবাব দিতে সময় পেলেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী

হুমকি ও ভয় দেখানোর অভিযোগে দায়ের করা মামলায় জবাব দাখিলের জন্য সময় পেয়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তাঁর ভাই আলিসান চৌধুরী। আদালত আগামী ১২ জানুয়ারি নতুন তারিখ ধার্য করেছেন।

বৃহস্পতিবার ঢাকার ৩ নম্বর নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটির জবাব দাখিলের দিন নির্ধারিত ছিল। তবে সংশ্লিষ্ট আদালতের বিচারকের বদলির কারণে এদিন কোনো শুনানি হয়নি। এ অবস্থায় আদালত মামলাটি মুলতবি রেখে পরবর্তী শুনানির জন্য নতুন তারিখ ঠিক করেন।

আসামিপক্ষের আইনজীবী তুহিন হাওলাদার জানান, বিচারক অন্যত্র বদলি হওয়ায় নির্ধারিত দিনে শুনানি সম্ভব হয়নি। নতুন বিচারক যোগদান করার পর প্রয়োজনীয় নথিপত্র উপস্থাপন করে মামলাটির শুনানি অনুষ্ঠিত হবে।

এর আগে গত ১৬ নভেম্বর সন্ধ্যায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পান মেহজাবীন চৌধুরী ও তাঁর ভাই আলিসান চৌধুরী। ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত–৩-এর বিচারক আফরোজা হক তানিয়া তাঁদের জামিন মঞ্জুর করেন।

মামলার অভিযোগে বলা হয়, বাদী আমিরুল ইসলামের সঙ্গে দীর্ঘদিনের পরিচয়ের সূত্রে মেহজাবীনের নতুন পারিবারিক ব্যবসায় অংশীদার হওয়ার জন্য তিনি ২৭ লাখ টাকা বিনিয়োগ করেন। তবে দীর্ঘ সময় পার হলেও ব্যবসায়িক কার্যক্রম শুরু না হওয়ায় টাকা ফেরত চাইতে গেলে বারবার সময়ক্ষেপণ করা হয়।

বাদীর অভিযোগ, চলতি বছরের ১১ ফেব্রুয়ারি টাকা চাইলে ১৬ মার্চ তাঁকে হাতিরঝিলের একটি রেস্টুরেন্টে ডেকে নেওয়া হয়। সেখানে গেলে মেহজাবীন, তাঁর ভাইসহ আরও কয়েকজন তাঁকে অকথ্য ভাষায় গালাগালি করেন এবং প্রাণনাশের হুমকি দেন। পরে বিষয়টি নিয়ে ভাটারা থানায় গেলে পুলিশ আদালতে মামলা করার পরামর্শ দেয়।

এ ঘটনায় আমিরুল ইসলাম ফৌজদারি কার্যবিধির ১০৭ ও ১১৭ (৩) ধারায় ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন।

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *