মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশি তরুণ; সেনা কর্মকর্তা রিমান্ডে

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশি তরুণ; সেনা কর্মকর্তা রিমান্ডে

মালয়েশিয়ায় গাড়ির ধাক্কায় মুজাহিদ মিল্লাদ (২২) নামের একজন বাংলাদেশি পেশাদার ট্রাভেল ব্লগার নিহতের ঘটনায় দেশটির এক সেনা কর্মকর্তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

কুয়ালালামপুর ট্রাফিক তদন্ত ও এনফোর্সমেন্ট বিভাগের প্রধান সহকারী কমিশনার মোহাম্মদ জামজুরি মোহাম্মদ ঈসা জানান, তাদের আবেদনের ভিত্তিতে বিচারক গুপ্তান নর আসিকিন মুরলিকামাল এই রিমান্ড আদেশ দিয়েছেন। আগামী মঙ্গলবার পর্যন্ত পাঁচ দিন তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

জানা গেছে, স্ত্রী নাফিসা তাবাসসুম আদিবাকে নিয়ে পর্যটন-বিষয়ক ভিডিও তৈরির কাজে দ্বিতীয়বারের মতো মালয়েশিয়া গিয়েছিলেন মুজাহিদ। দুই বছর আগে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই দম্পতি দেশে পেশাদার ট্রাভেল ব্লগার হিসেবে বেশ পরিচিত ছিলেন।

বৃহস্পতিবার নিহতের চাচা মহিবুল হাসান (৫০) জানান, কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরার পথে ই-হেইলিং গাড়িতে থাকা অবস্থায় এই দুর্ঘটনা ঘটে। বিপরীত দিক থেকে আসা একটি ফোর্ড ফিয়েস্তা গাড়ি তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই মাথায় গুরুতর আঘাত পেয়ে মারা যান মুজাহিদ।

পুলিশ জানায়, ঘাতক চালকের শ্বাস-প্রশ্বাসের পরীক্ষায় অ্যালকোহলের উপস্থিতি মিলেছে, যা নির্ধারিত মাত্রার চেয়ে বেশি। অভিযুক্ত ব্যক্তি একজন সেনা কর্মকর্তা বলে জানা গেছে।

এই দুর্ঘটনায় মুজাহিদের স্ত্রী নাফিসা তাবাসসুম আদিবা এবং অভিযুক্ত সেনা কর্মকর্তাসহ ফোর্ড ফিয়েস্তায় থাকা আরেক নারী যাত্রী আহত হয়েছেন। তাদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। ঘটনার তদন্তে পুলিশ কাজ চালিয়ে যাচ্ছে।

ঘটনার পর সড়ক পরিবহণ আইনে মামলা করে সেনা কর্মকর্তাকে গ্রেফতার দেখায় পুলিশ। মামলায় তার বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে।

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *