মাহফুজ আলম নির্বাচন করবেন না, মনোনয়নপত্র নেওয়ায় বিব্রত

মাহফুজ আলম নির্বাচন করবেন না, মনোনয়নপত্র নেওয়ায় বিব্রত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন থেকে সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের নামে মনোনয়নপত্র সংগ্রহ করা হলেও তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন না। তাঁর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় মাহফুজ আলম বিব্রত বোধ করছেন এবং তিনি মনোনয়নপত্র জমাও দেবেন না।

রোববার (২৯ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে বারোটার দিকে বিষয়টি নিশ্চিত করেন মাহফুজ আলমের ভাই এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম। তিনি জানান, একই আসন থেকে তিনি নিজে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

মাহবুব আলম বলেন, মাহফুজ আলমের সম্মতি ছাড়াই আবেগের বশে কেউ একজন তাঁর নামে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এতে তিনি বিব্রত হয়েছেন। মাহফুজ আলম নির্বাচন করবেন না এবং মনোনয়নপত্রও জমা দেবেন না। ইসলামী সমমনা জোটের অংশ হিসেবে এনসিপির হয়ে তিনি নিজেই নির্বাচনে অংশ নেবেন।

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন থেকে মাহফুজ ও মাহবুব আলম ছাড়া আরও ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তাঁদের মধ্যে রয়েছেন—বিএলডিপি বিলুপ্ত করে সদ্য বিএনপিতে যোগ দেওয়া শাহাদাত হোসেন সেলিম, ইসলামী আন্দোলনের জাকির হোসেন পাটওয়ারী, জামায়াতে ইসলামীর মোহাম্মদ নাজমুল হাসান, জাতীয় পার্টির মাহমুদুর রহমান মাহমুদ, বাসদের মো. বিল্লাল হোসেন, স্বতন্ত্র প্রার্থী মো. আল-আমিন, বাংলাদেশ মুসলিম লীগের রেজাউল করিম, বিএনপি নেতা হারুনুর রশিদ, গণঅধিকার পরিষদের মো. কাউছার আলম, স্বতন্ত্র এম এ আউয়াল, জাকির হোসেন, এনডিএমের আলমগীর হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিসের মিজানুর রহমান এবং স্বতন্ত্র এম এ গোফরান।

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *