মিরপুরে নারী কর্মীদের ওপর হামলা, তীব্র নিন্দা জামায়াতের

মিরপুরে নারী কর্মীদের ওপর হামলা, তীব্র নিন্দা জামায়াতের

মিরপুরের পীরেরবাগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের কর্মীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি।

বুধবার (২১ জানুয়ারি) সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এ তথ্য জানান।

বিবৃতিতে তিনি বলেন, মিরপুরের আলিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের পাশে একটি বাসায় মহিলা জামায়াতের বৈঠক চলাকালে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বিকেল ৩টা থেকে রাত সাড়ে ৭টা পর্যন্ত নারী নেত্রীদের অবরুদ্ধ করে রাখে। পরে জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা এগিয়ে গেলে সন্ত্রাসীরা তাদের ওপর হামলা চালায় এবং কয়েকজনকে একটি মসজিদে আটক করে। হামলায় অন্তত ১৬ জন আহত হন। পরে পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় অবরুদ্ধদের উদ্ধার করা হয়। আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, সন্ত্রাসীদের এই বর্বরোচিত হামলার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। নির্বাচনের আগে সাধারণ ভোটারদের মাঝে আতঙ্ক সৃষ্টি এবং নির্বাচনকে প্রভাবিত করার উদ্দেশ্যে এই হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

তিনি প্রশাসন ও নির্বাচন কমিশনের প্রতি জোর দিয়ে বলেন, নির্বাচনের আগে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য কঠোর পদক্ষেপ নেওয়া উচিত।

বিবৃতিতে আরও বলা হয়েছে, আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের নির্বাচনী এলাকা ঢাকা-১৫-এ পরিকল্পিতভাবে পেশিশক্তি ব্যবহার করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। জনগণের মৌলিক অধিকার রক্ষা, সুষ্ঠু নির্বাচন ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সকল প্রকার ভয়ভীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে আপামর জনতাকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানাচ্ছি।

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *