রাজবাড়ীতে মাজার ভাঙচুর: রাজনৈতিক দলের দায়িত্বহীনতার অভিযোগ এনসিপির

রাজবাড়ীতে মাজার ভাঙচুর: রাজনৈতিক দলের দায়িত্বহীনতার অভিযোগ এনসিপির

রাজবাড়ীর গোয়ালন্দে নিজেকে ‘ইমাম মাহদি’ দাবি করা নুরুল হক ওরফে ‘নুরাল পাগলা’র মাজার ভাঙচুর ও লাশ তুলে পুড়িয়ে দেওয়ার ঘটনায় সরকারের ব্যর্থতা এবং প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোর দায়িত্বহীনতার তীব্র সমালোচনা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এনসিপি জানায়, স্থানীয়ভাবে গঠিত ‘ঈমান-আকিদা রক্ষা কমিটি’র ব্যানারে আয়োজিত সমাবেশ থেকে কিছু লোক মাজারে হামলা চালায়। পরে সেখানে ভাঙচুর ও লাশ পুড়িয়ে দেওয়ার মতো ‘বর্বরোচিত ঘটনা’ ঘটানো হয়।

এনসিপি অভিযোগ করে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং স্থানীয় আলেম-সমাজের সমন্বয়ে গঠিত এ কমিটি পূর্বেই নুরুল হককে শরীয়তবিরোধীভাবে কবরস্থ করার অভিযোগ তুলে বিক্ষোভের ঘোষণা দিয়েছিল। প্রশাসন সহিংসতার আশঙ্কা জেনেও তিনদিন ধরে বিষয়টি সমাধানে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

দলটির মতে, “এই ঘটনা শুধু ফৌজদারি অপরাধই নয়, বরং ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের পরিপন্থী।” এনসিপি বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়ে সংশ্লিষ্টদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছে।

এনসিপি আরও বলেছে, সাম্প্রতিক সময়ে মাজার ও দরবার ভাঙচুর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর গ্রামবাসীর হামলা, ঢাকার তেজগাঁওয়ে মিছিলসহ নানা ঘটনায় একটি গোষ্ঠী দেশে অস্থিরতা সৃষ্টি করছে। এসব ঘটনার পেছনে কারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ইন্ধন দিচ্ছে, তা খুঁজে বের করার দায়িত্ব অন্তর্বর্তী সরকারের ওপর বর্তায়।

বিবৃতিতে এনসিপি সতর্ক করে বলেছে, এ ধরনের অস্থিরতার সুযোগ নিয়ে নতুন বাংলাদেশে ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থানের শঙ্কা তৈরি হচ্ছে। তাই নাগরিকদের সজাগ থাকার আহ্বান জানিয়েছে দলটি।

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *