রুল খারিজ, ছবি ছাড়া এনআইডি নয়: হাইকোর্ট

রুল খারিজ, ছবি ছাড়া এনআইডি নয়: হাইকোর্ট

বিশেষ প্রতিনিধি

ছবি ছাড়া বায়োমেট্রিক তথ্য ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরির সুযোগ দেওয়ার বিষয়ে জারি করা রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে জাতীয় পরিচয়পত্র তৈরিতে ছবি ব্যবহার বাধ্যতামূলকই থাকছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি এস এম সাইফুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

রায়ের বিষয়টি নিশ্চিত করে নির্বাচন কমিশনের আইনজীবী কামাল হোসেন মিয়াজী বলেন, আদালত রুলটি খারিজ করেছেন। এর ফলে ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র দেওয়ার সুযোগ থাকছে না।

আদালতে রিটকারীর পক্ষে ছিলেন আইনজীবী শেখ ওমর শরীফ ও ইলিয়াছ আলী মন্ডল। নির্বাচন কমিশনের পক্ষে শুনানি করেন আইনজীবী কামাল হোসেন মিয়াজী।

রাজধানীর শাহজাহানপুর শান্তিবাগের বাসিন্দা সুমাইয়া আহমাদ মুনা ২০২২ সালে হাইকোর্টে রিট আবেদনটি করেন। তিনি ইসলামী শরিয়াহ অনুযায়ী পর্দা পালন করেন উল্লেখ করে ছবি ছাড়া বিকল্প কোনো পদ্ধতিতে জাতীয় পরিচয়পত্র দেওয়ার আবেদন জানিয়েছিলেন। এ মামলায় তার স্বামী মুহম্মদ আরিফুর রহমানকে প্রতিনিধিত্বের জন্য কর্তৃত্ব দেওয়া হয়।

রিটে সুমাইয়া জানান, তিনি প্রাপ্তবয়স্ক ও পর্দানশীন মুসলিম নারী। ধর্মীয় বিধান অনুসরণের কারণে তিনি ছবি তোলা থেকে বিরত থাকেন। এ কারণে তার জাতীয় পরিচয়পত্র নেই। এনআইডি না থাকায় বিভিন্ন সরকারি-বেসরকারি সেবা ও সুযোগ-সুবিধা পেতে সমস্যার মুখোমুখি হচ্ছেন। তাই ছবি ছাড়া বিকল্প পদ্ধতিতে এনআইডি দেওয়ার জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন করেন তিনি।

২০২২ সালের ১০ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনে আবেদন করেও কোনো প্রতিকার না পাওয়ায় পরে হাইকোর্টের দ্বারস্থ হন সুমাইয়া। ওই রিটের প্রাথমিক শুনানি শেষে একই বছরের ৬ মার্চ হাইকোর্ট রুল জারি করেন।

রুলে ছবি ছাড়াই বিকল্প পরিচয় ব্যবস্থা বা বায়োমেট্রিক ফিচার ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র তৈরির প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছিল। দীর্ঘ শুনানি শেষে বুধবার সেই রুল খারিজ করে দেন আদালত।

রুল জারির সময় রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে বলা হয়েছিল, ছবি ছাড়া এনআইডির সুযোগ দেওয়া হলে বিভিন্ন ক্ষেত্রে পরিচয় যাচাইয়ে জটিলতা তৈরি হতে পারে। এমনকি হজে যাওয়া, ব্যাংক হিসাব খোলা ও অর্থ লেনদেনের মতো ক্ষেত্রেও ছবি প্রয়োজন হয়। এছাড়া বায়োমেট্রিক তথ্য সংগ্রহের ক্ষেত্রে আইরিশ স্ক্যানের প্রয়োজন হলে পর্দা সংক্রান্ত বিষয়েও প্রশ্ন দেখা দিতে পারে বলে রাষ্ট্রপক্ষ আদালতকে জানিয়েছিল।

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *