শিক্ষার উন্নয়নে জাতিসংঘের সহযোগিতা চাইলেন শিক্ষামন্ত্রী

শিক্ষার উন্নয়নে জাতিসংঘের সহযোগিতা চাইলেন শিক্ষামন্ত্রী

শিক্ষার উন্নয়ন, শিক্ষাব্যবস্থার সংস্কার ও ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে জাতিসংঘের সহযোগিতা চেয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

রোববার (৯ আগস্ট) শিক্ষামন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত আইরিন খান। এ সময় বাংলাদেশের শিক্ষার উন্নয়নে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ, ভবিষ্যৎ পরিকল্পনা এবং জাতিসংঘের সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশের শিক্ষা খাতসহ বিভিন্ন ক্ষেত্রে সরকারের নেয়া উদ্যোগের প্রশংসা করেন রাষ্ট্রদূত আইরিন খান। একই সঙ্গে শিক্ষাক্ষেত্রে তথ্যপ্রযুক্তির ব্যবহার আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

আইরিন খান বলেন, তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশ অত্যন্ত সম্ভাবনাময় একটি দেশ। বাংলাদেশের শিক্ষার্থীরা বিশ্বের বিভিন্ন দেশে সফলতার সঙ্গে এ খাতে কাজ করছেন। তাই শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার আরও সম্প্রসারণের সুযোগ রয়েছে।

এ সময় শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শিক্ষার উন্নয়নে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। দেশের বিপুল জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে।

তিনি আরও বলেন, বাংলাদেশের শিক্ষাব্যবস্থার সংস্কারে বিভিন্ন উদ্যোগ নেয়া হচ্ছে। এসব উদ্যোগ বাস্তবায়নে জাতিসংঘের সহযোগিতা প্রয়োজন। এ বিষয়ে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত আইরিন খানের সহযোগিতাও কামনা করেন তিনি।

শিক্ষামন্ত্রী বাংলাদেশের শিক্ষা খাতসহ বিভিন্ন ক্ষেত্রে জাতিসংঘের অব্যাহত সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানান। একই সঙ্গে দেশের শিক্ষার উন্নয়নে জাতিসংঘের ভূমিকার প্রশংসা করেন।

সাক্ষাতে শিক্ষার মানোন্নয়ন, দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং প্রযুক্তিনির্ভর শিক্ষা সম্প্রসারণে বাংলাদেশ ও জাতিসংঘের সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। ভবিষ্যতে বাংলাদেশের শিক্ষাব্যবস্থার উন্নয়ন ও সংস্কারে জাতিসংঘের সহযোগিতা আরও বাড়বে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।

এ সময় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল উপস্থিত ছিলেন।

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *