সমালোচনার মুখে প্রতিমন্ত্রীর পদ ছাড়লেন ইশরাক হোসেন
নিজস্ব প্রতিবেদক
মাদকবিরোধী অভিযানে অস্ত্র হাতে নামার ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন। এর আগে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে পদত্যাগের সিদ্ধান্ত নেওয়ার কথা জানান তিনি।
সংবাদ সম্মেলনে ইশরাক হোসেন বলেন, তিনি ঢাকা-৬ আসন থেকে জনগণের ভোটে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য। গত ১২ ফেব্রুয়ারি শপথ নেওয়ার পর প্রধানমন্ত্রী তাঁকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেন। এরপর থেকে তিনি দায়িত্ব পালন করে আসছিলেন।
সাম্প্রতিক সময়ে তাঁকে ঘিরে দেশি-বিদেশি গণমাধ্যমে বিভিন্ন প্রতিবেদন প্রকাশিত হচ্ছে উল্লেখ করে ইশরাক বলেন, বিষয়টি নিয়ে বিস্তারিত জানাতেই সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন।
তিনি জানান, সোমবার থেকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন প্রধানমন্ত্রীর কাছে। প্রধানমন্ত্রী তাঁকে সেই সুযোগ দিয়েছেন।
পদত্যাগের কারণ ব্যাখ্যা করে ইশরাক বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় তিনি পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছেন। তাঁর কারণে যেন প্রধানমন্ত্রী ও সরকারের কর্মকাণ্ড ম্লান না হয়, সে বিষয়টিও তিনি বিবেচনায় নিয়েছেন। তবে পদ ছাড়লেও তাঁর মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এর আগে সোমবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দুপুরে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেওয়ার কথা জানান ইশরাক। এর আগের রাতে তাঁর পদত্যাগ নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে সে সময় প্রতিমন্ত্রীর প্রেস কর্মকর্তা মাহফুজ কবির মুক্তা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ-সংক্রান্ত তথ্যকে অসত্য ও বিভ্রান্তিকর বলে দাবি করেছিলেন।
গত শনিবার রাজধানীর গেন্ডারিয়া এলাকায় রেললাইনসংলগ্ন স্থানে মাদকবিরোধী অভিযানে অস্ত্র হাতে অংশ নেন ইশরাক হোসেন। এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়। এর ধারাবাহিকতায় তাঁর পদত্যাগের বিষয়টি আলোচনায় আসে।
এ ঘটনায় প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাক হোসেনের পদত্যাগের মধ্য দিয়ে সাম্প্রতিক বিতর্কের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের অবসান হলো।
