সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা যাত্রীদের চাপা দিয়েছে একটি লরি। এতে এক শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আটজন। তাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
সোমবার দিবাগত রাত ১টা ১০ মিনিটের দিকে উপজেলার ছোট কুমিরা রয়েল সিমেন্ট গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে তিনজন নারী, একজন পুরুষ ও এক শিশু রয়েছেন। নিহতদের মধ্যে ফাতেমা (৪০) ও তার আট বছর বয়সী ছেলে রাকিবের পরিচয় জানা গেছে। তাদের বাড়ি নেত্রকোণার মদন উপজেলার শিবাশ্রম এলাকায়।
ফায়ার সার্ভিস কুমিরা স্টেশনের ফাইটার মোহাম্মদ রফিকুল ইসলাম ঢাকা পোস্টকে জানান, যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রাম থেকে ঢাকামুখী একটি যাত্রীবাহী বাস মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। বাসটি মেরামতের সময় যাত্রীরা নেমে সড়কের পাশে অবস্থান করছিলেন।
এ সময় ঢাকামুখী একটি লরি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা যাত্রীদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহতদের হাসপাতালে নেওয়ার পর আরও দুজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
দুর্ঘটনায় আহত অন্তত আটজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
