সোরলথের হ্যাটট্রিক, শেষ ষোলোয় অ্যাটলেটিকো মাদ্রিদ

সোরলথের হ্যাটট্রিক, শেষ ষোলোয় অ্যাটলেটিকো মাদ্রিদ

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে দারুণ এক রাতে নরওয়েজিয়ান ফরোয়ার্ড আলেক্সান্ডার সোরলথের হ্যাটট্রিকে শেষ ষোলো নিশ্চিত করেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। প্লে-অফের দ্বিতীয় লেগে ক্লাব ব্রুজকে ৪-১ গোলে হারিয়ে দুই লেগ মিলিয়ে ৭-৪ ব্যবধানে এগিয়ে থেকে পরবর্তী রাউন্ডে উঠেছে স্প্যানিশ ক্লাবটি।

প্রথম লেগে ৩-৩ গোলে সমতা থাকায় মাদ্রিদের রিয়াধ এয়ার মেট্রোপলিতানো স্টেডিয়ামে ম্যাচটি ছিল উত্তেজনাপূর্ণ। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে স্বাগতিকরা। ২৩তম মিনিটে গোলরক্ষক ইয়ান ওব্লাকের লম্বা কিক থেকে বল পেয়ে ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ পায়ের জোরালো শটে দলকে এগিয়ে দেন সোরলথ। ব্রুজের গোলরক্ষক সিমন মিনিওলে বল ঠেকালেও সেটি তার হাত ফসকে জালে জড়িয়ে যায়।

৩৬তম মিনিটে কর্নার থেকে জোয়েল অরদোনিয়েজের হেডে সমতায় ফেরে ব্রুজ। তাতে দুই লেগ মিলিয়ে স্কোর দাঁড়ায় ৪-৪।

দ্বিতীয়ার্ধ শুরুর তিন মিনিটের মাথায় আবার লিড নেয় অ্যাটলেটিকো। যুক্তরাষ্ট্রের মিডফিল্ডার জনি কারদোসো বক্সের বাইরে থেকে দারুণ এক হাফ-ভলিতে বল জালে পাঠান।

সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে ব্রুজ। তবে ম্যাচের শেষভাগে সোরলথের জোড়া গোলে ভেঙে পড়ে তাদের প্রতিরোধ। ৭৬তম মিনিটে বদলি খেলোয়াড় আদেমোলা লুকমান ও আন্তোনিও গ্রিজমানের চমৎকার সমন্বয়ে কাছ থেকে বল জালে পাঠিয়ে নিজের দ্বিতীয় গোল করেন এই নরওয়েজিয়ান তারকা।

৮৭তম মিনিটে মৌসুমের নিজের ১৫তম গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন সোরলথ এবং অ্যাটলেটিকোর বড় জয় নিশ্চিত করেন।

এই জয়ের ফলে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে ইংল্যান্ডের লিভারপুল অথবা টটেনহাম হটস্পার।

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *