হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, নতুন রোগী ১ হাজার ৭৪
দেশে হাম ও হাম উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। একই সময়ে সারা দেশে হাম সন্দেহে নতুন করে ১ হাজার ৭৪ জন রোগী শনাক্ত হয়েছেন। তাঁদের মধ্যে পরীক্ষায় নিশ্চিত হাম রোগী ১৩৯ জন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে ১২ অক্টোবর সকাল ৮টা থেকে ১৩ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার হিসাব তুলে ধরা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হাম সন্দেহে মোট ২ লাখ ৭ হাজার ৩৭১ জন রোগী শনাক্ত হয়েছেন। তাঁদের মধ্যে পরীক্ষায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২২ হাজার ৭১২ জন।
এ সময়ে হাম সন্দেহে মোট ১ হাজার ৬৬ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১০৪ জনে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ১ হাজার ৪৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ১৭ জন।
গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম সন্দেহে আক্রান্তদের মধ্যে মোট ১ লাখ ৮৪ হাজার ২৬৯ জন হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হাম পরিস্থিতি মোকাবিলায় নজরদারি ও চিকিৎসাসেবা কার্যক্রম অব্যাহত রয়েছে। তবে প্রতিদিন নতুন রোগী শনাক্ত ও হাম সন্দেহে মৃত্যুর ঘটনা জনস্বাস্থ্য পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে।
