১৯ বছর পর বাবার কবরের পাশে তারেক রহমান

১৯ বছর পর বাবার কবরের পাশে তারেক রহমান

দীর্ঘ নির্বাসন শেষে দেশে ফেরার পরদিন বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ১৯ বছর পর বাবার কবরে ফিরে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি তিনি দোয়া-মোনাজাতে অংশ নেন। মোনাজাত শেষে বাবার কবরের পাশে নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন তারেক রহমান।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে তিনি রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত শহীদ জিয়ার কবরে পৌঁছান। সেখানে কবর জিয়ারত ও দোয়া-মোনাজাত সম্পন্ন করেন তিনি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, এর আগে ২০০৬ সালের ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে তারেক রহমান শেষবার শহীদ জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেছিলেন। এরপর রাজনৈতিক পটপরিবর্তন ও দীর্ঘ প্রবাসজীবনের কারণে আর সেখানে যাওয়া সম্ভব হয়নি।

এর আগে বৃহস্পতিবার দীর্ঘ ১৭ বছরের নির্বাসন কাটিয়ে দেশে ফেরেন তারেক রহমান। দেশে ফেরার দিন রাজধানীর পূর্বাচলের ৩০০ ফুট এলাকায় বিএনপির দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন তিনি। পরে অসুস্থ মাকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান এবং সেখান থেকে নিজ বাসভবনে ফেরেন।

আজ দুপুর থেকেই তারেক রহমানের কবর জিয়ারতকে কেন্দ্র করে চন্দ্রিমা উদ্যান ও মাজার এলাকায় নেতাকর্মীদের উপচে পড়া ভিড় দেখা যায়। ব্যানার ও ফেস্টুন হাতে কয়েক হাজার নেতাকর্মী সেখানে উপস্থিত হন। বিশৃঙ্খলা এড়াতে এবং তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, বিজিবি, আনসারসহ সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়।

জিয়ারতকালে তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্যসহ কেন্দ্রীয় পর্যায়ের শীর্ষ নেতারা।

কবর জিয়ারত শেষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর কথা রয়েছে তারেক রহমানের।

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *