২৩ দিন পর আবার চালু হলো ইস্টার্ন রিফাইনারি

২৩ দিন পর আবার চালু হলো ইস্টার্ন রিফাইনারি

ক্রুড অয়েলের সংকটে টানা ২৩ দিন বন্ধ থাকার পর শুক্রবার ভোর ৬টা থেকে আবার উৎপাদন শুরু করেছে চট্টগ্রামের রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি। সৌদি আরব থেকে আমদানি করা ক্রুড অয়েল দিয়ে শোধন কার্যক্রম চালু করা হয়।

শুক্রবার ভোর ৫টা থেকেই ফায়ার্ড হিটারে প্রসেসিং শুরু হয়। এক ঘণ্টা পর পূর্ণমাত্রায় ক্রুড অয়েল পরিশোধন শুরু করে রিফাইনারি কর্তৃপক্ষ। উৎপাদিত পেট্রোল, অকটেন ও ডিজেল নির্ধারিত ট্যাঙ্ক ফার্মে সংরক্ষণ করা হচ্ছে। একই সঙ্গে শোধনাগারের পাশের জেটিতে থাকা লাইটারেজ জাহাজ থেকেও চলছে ক্রুড অয়েল খালাস।

মেঘনা পেট্রোলিয়ামের সাবেক মহাব্যবস্থাপক আকতার কামাল বলেন, দ্রুত পরিশোধন শেষ করে জ্বালানি তিনটি বিপণন কোম্পানির কাছে সরবরাহ করা হবে।

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে পর্যাপ্ত ক্রুড অয়েলের সরবরাহ ব্যাহত হওয়ায় গত ১৪ এপ্রিল ইস্টার্ন রিফাইনারির তিনটি ইউনিটের মধ্যে দুটি বন্ধ হয়ে যায়। পরে হরমুজ প্রণালি এড়িয়ে সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে আনা ‘এমটি নাইমনিয়া’ নামের জাহাজ বুধবার চট্টগ্রাম বন্দরে পৌঁছায়।

বাংলাদেশ শিপিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক জানান, সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দর থেকে আরও এক লাখ টন ক্রুড অয়েল আনা হবে। গালফ অঞ্চলের বাইরে হওয়ায় যুদ্ধ পরিস্থিতির প্রভাব তুলনামূলক কম থাকবে। ১০ মে ফুজাইরা বন্দর থেকে জ্বালানি বহনকারী জাহাজ রওনা হয়ে ২৫ মে’র মধ্যে চট্টগ্রাম বন্দরের জলসীমায় পৌঁছানোর কথা রয়েছে।

সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, ইস্টার্ন রিফাইনারির দুটি ইউনিটে প্রতিদিন প্রায় ৪ হাজার মেট্রিক টন জ্বালানি উৎপাদনের সক্ষমতা রয়েছে। এখানে মোট ১৩ ধরনের জ্বালানি উৎপাদন করা হয়। ১ লাখ মেট্রিক টন ক্রুড অয়েল পরিশোধন করলে ২৬ হাজার মেট্রিক টন ডিজেল, ২৪ হাজার মেট্রিক টন ফার্নেস অয়েল, ১৬ হাজার মেট্রিক টন পেট্রোল, ২১ হাজার মেট্রিক টন কেরোসিন এবং ৮ হাজার মেট্রিক টন অকটেন পাওয়া যায়।

বর্তমানে রিফাইনারিটিতে ২ লাখ ২৫ হাজার মেট্রিক টন ক্রুড অয়েল এবং দেড় লাখ মেট্রিক টনের বেশি পরিশোধিত জ্বালানি সংরক্ষণের সক্ষমতা রয়েছে।

ইস্টার্ন রিফাইনারির সাবেক মহাব্যবস্থাপক মনজারে খোরশেদ আলম বলেন, রিফাইনারি সচল রাখতে আগামী ২০ থেকে ২৫ দিনের মধ্যে নতুন চালান আনার উদ্যোগ নিতে হবে। অন্যথায় আবারও উৎপাদন ব্যাহত হওয়ার ঝুঁকি রয়েছে।

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *