২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থাকছে না কুমিরা স্টপেজ
আগামী ২৬ অক্টোবর থেকে ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী মহানগর এক্সপ্রেস ট্রেনের যাত্রাপথ কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণ করা হচ্ছে। এতে ফেনী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন এলাকার যাত্রীরা সরাসরি কক্সবাজার যেতে পারবেন। তবে নতুন রুটে ট্রেনটির কুমিরা স্টেশনে যাত্রাবিরতি থাকছে না।
রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওপিএস) মোহাম্মদ সফিকুর রহমান জানান, দোহাজারী-কক্সবাজার রেলপথে ট্রেনের সংখ্যা বাড়ানোর পরিকল্পনার অংশ হিসেবে মহানগর এক্সপ্রেসের যাত্রাপথ সম্প্রসারণ করা হচ্ছে। আগামী ২৬ অক্টোবর থেকে নতুন এই সেবা চালুর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, নতুন সূচি অনুযায়ী, ৭২১ নম্বর মহানগর এক্সপ্রেস সকাল ৮টায় কক্সবাজার থেকে ছেড়ে দুপুর ১২টা ২০ মিনিটে চট্টগ্রাম পৌঁছাবে। পরে দুপুর ১২টা ৩০ মিনিটে চট্টগ্রাম থেকে ছেড়ে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ঢাকায় পৌঁছাবে ট্রেনটি।
অন্যদিকে, ৭২২ নম্বর মহানগর এক্সপ্রেস ঢাকা থেকে রাত ৮টা ৩০ মিনিটে ছেড়ে রাত ২টা ৪০ মিনিটে চট্টগ্রাম পৌঁছাবে। সেখান থেকে রাত ৩টায় ছেড়ে সকাল ৬টায় কক্সবাজার পৌঁছানোর কথা রয়েছে।
ট্রেনটিতে শোভন চেয়ার, স্নিগ্ধা, এসি সিট ও এসি বার্থ শ্রেণির আসন থাকবে। ফেনী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী ছাড়াও নাঙ্গলকোট, লাকসাম, কসবা, আখাউড়া, আশুগঞ্জ ও ভৈরববাজার স্টেশনের যাত্রীরা এ সেবার মাধ্যমে সরাসরি কক্সবাজার যেতে পারবেন।
বর্তমানে ঢাকা-কক্সবাজার রুটে কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেস এবং চট্টগ্রাম-কক্সবাজার রুটে সৈকত এক্সপ্রেস ও প্রবাল এক্সপ্রেস চলাচল করছে। মহানগর এক্সপ্রেস যুক্ত হলে এ পথে ট্রেনের সংখ্যা বেড়ে পাঁচ জোড়া হবে।
রেলওয়ের আদেশ অনুযায়ী, মহানগর এক্সপ্রেসে থাকবে ১৬টি কোচ ও ১ হাজার ৩৬৬টি আসন। ট্রেনটির যাত্রায় সময় লাগবে প্রায় ৯ ঘণ্টা ৩০ মিনিট।
তবে সংশ্লিষ্ট কর্মীদের আশঙ্কা, চট্টগ্রাম-দোহাজারী অংশের একক রেললাইন এবং কয়েকটি স্টেশনের ছোট লুপলাইনের কারণে ট্রেনের ক্রসিংয়ে জটিলতা তৈরি হতে পারে। এতে অন্যান্য ট্রেনের সময়সূচি বিঘ্নিত হওয়ার আশঙ্কাও রয়েছে।
এদিকে, মহানগর এক্সপ্রেসের নতুন রুটে কুমিরা স্টেশনে যাত্রাবিরতি বাতিল হওয়ায় ওই এলাকার যাত্রীদের বিকল্প ট্রেন বা পরিবহন ব্যবহার করতে হবে।
