২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের দুই দিনের কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক
২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকায় লগি-বৈঠা নিয়ে সংঘটিত সহিংসতা ও হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
রোববার (২৫ অক্টোবর) এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ২৭ অক্টোবর ঢাকা মহানগরীতে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে জামায়াতের আমির প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। পরদিন ২৮ অক্টোবর সারা দেশে বিক্ষোভ, আলোচনা সভা ও দোয়ার আয়োজন করবে দলটি।
বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার রাজপথে লগি-বৈঠা নিয়ে সংঘটিত সহিংসতা ও হত্যাকাণ্ড বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি কালো অধ্যায়। ওই ঘটনার প্রায় দুই দশক পেরিয়ে গেলেও হত্যাকাণ্ডে জড়িতদের বিচার না হওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করেন।
তিনি অভিযোগ করেন, ওই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের এখনো বিচারের আওতায় আনা হয়নি। সংশ্লিষ্টদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার জন্য সরকারের প্রতি দাবি জানান তিনি।
বিবৃতিতে আরও বলা হয়, ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে জামায়াতের সব শাখার প্রতি আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি কর্মসূচি সফল করতে কৃষক-শ্রমিক, ছাত্র-জনতাসহ সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা চেয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল।
