নতুন চুলে নতুন নেইমার, জোড়া গোলে জেতালেন দলকে

নতুন চুলে নতুন নেইমার, জোড়া গোলে জেতালেন দলকে

ব্রাজিলিয়ান মহাতারকা নেইমার ডি সিলভা জুনিয়র শৈল্পিক ফুটবলে লাখো-কোটি ভক্তের মন জয় করেছেন। খেলার পাশাপাশি চুলের বিশেষ স্টাইল করার মাধ্যমে বিভিন্ন সময় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন তিনি। আল হিলাল ছেড়ে কিছুদিন আগেই সান্তোসে পাড়ি জমানো এই তারকা পুনরায় নিজের চুলের ডিজাইনে বেশ পরিবর্তন এনেছেন। তবে বদলায়নি তার পায়ের জাদু।

ব্রাজিলিয়ান লিগে বাংলাদেশ সময় মঙ্গলবার (৫ আগস্ট) সকালে মুখোমুখি হয়েছিল নেইমারের ক্লাব সান্তোস ও জুভেন্টুড। এই ম্যাচে জোড়া গোল করে সান্তোসকে জিতিয়েছেন নেইমার। দারুণ নৈপুণ্যে আবারও ফুটবলভক্তদের আলোচনায় উঠে এসেছেন তিনি। ছন্দে থাকলে কতটা ভয়ংকর হতে পারেন সেটাই যেন এই ম্যাচে দেখিয়েছেন এ ফরোয়ার্ড।

জুভেন্টুডের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াই হলেও শেষ পর্যন্ত সহজ জয় নিয়েই মাঠ ছেড়েছে সান্তোস। ৩৭তম মিনিটে নেইমারের গোলে এগিয়ে যায় তারা। তিন মিনিট পর আলভারো ব্যারিয়ালের গোলে লিড ডাবল করে ব্রাজিলের ক্লাবটি। যদিও প্রথম হাফেই এক গোল শোধ দেয় জুভেন্টুড। দ্বিতীয় হাফে বেশকিছু সময় এই এক গোলের ব্যবধানেই এগিয়ে থাকে সান্তোস।

৮০তম মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করেন নেইমার। ম্যাচে শেষ পর্যন্ত আর গোল না হলে ৩-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে সান্তোস। এ নিয়ে লিগে টানা তিন ম্যাচ পর জয়ের দেখা পেল সান্তোস। শেষ তিন ম্যাচে দুই হারের বিপরীতে আছে একটি ড্র। লিগে ১৭ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের ১৫তম স্থানে রয়েছে সান্তোস।

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *