ডাকসু নির্বাচন ঘিরে অনলাইন প্রোপাগান্ডা বন্ধের আহ্বান সাদিক কায়েমের

ডাকসু নির্বাচন ঘিরে অনলাইন প্রোপাগান্ডা বন্ধের আহ্বান সাদিক কায়েমের

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ঘিরে শুরু হয়েছে নতুন করে অনলাইন প্রোপাগান্ডা। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন প্রার্থীর বিরুদ্ধে ট্যাগিং, মিথ্যাচার, অপপ্রচার ও চরিত্রহননের অভিযোগ তুলেছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি আবু সাদিক কায়েম।

শুক্রবার (২২ আগস্ট) ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি উল্লেখ করেন—বিশেষ করে নারী প্রার্থীদের উদ্দেশ্যপ্রণোদিতভাবে টার্গেট করা হচ্ছে। যা কেবল নৈতিকভাবে ঘৃণিত নয়, বরং রাজনীতির সুস্থ ধারা ও শিক্ষার্থীদের ভ্রাতৃত্ববোধেরও পরিপন্থী।

সাদিক কায়েম লিখেছেন, জুলাই-পরবর্তী সময়ে রাজনীতিতে প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতাকে উৎসাহিত করা উচিত। শিক্ষার্থীদের কল্যাণে যেকোনো ধরনের প্রতিযোগিতা রাজনৈতিক সৌন্দর্যের অংশ, এবং এটি গণতান্ত্রিক সংস্কৃতির এক অনন্য বহিঃপ্রকাশ। তবে সেই প্রতিযোগিতা হতে হবে ভ্রাতৃত্ব, যুক্তি, মূল্যবোধ ও ন্যায্যতার ভিত্তিতে—ঘৃণা, মিথ্যাচার ও চরিত্রহননের মাধ্যমে নয়।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রসংগঠনের নেতাকর্মী, সাধারণ শিক্ষার্থী এবং সারাদেশের বিবেকবান নাগরিকদের প্রতি আমার আহ্বান—আসুন, আমরা সবাই অনলাইন বুলিং, হেয় প্রতিপন্নকরণ ও কুৎসা রটনা থেকে বিরত থাকি। রাজনীতির ঊর্ধ্বে মানবিকতা, ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যকে প্রাধান্য দিই।

সাদিক কায়েমের মতে, সহনশীল রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলা এখন সময়ের দাবি।তিনি বলেন, আমরা এমন একটি পরিবেশ চাই, যেখানে ভিন্নমত থাকবে, কিন্তু বৈরিতা থাকবে না; প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু শত্রুতা থাকবে না। এভাবেই নতুন রাজনীতির যাত্রাপথ শুরু হয়েছে, এবং আমরা এই পথচলায় কোনোভাবেই থামব না।

hasmi khan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *