ছাত্রসংসদ নির্বাচন পেছাতেই ইসি ঘেরাও ছাত্রদলের: শিবির সভাপতি

ছাত্রসংসদ নির্বাচন পেছাতেই ইসি ঘেরাও ছাত্রদলের: শিবির সভাপতি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম অভিযোগ করেছেন, ছাত্রসংসদ নির্বাচনে ধারাবাহিকভাবে পরাজয়ের গ্লানি সহ্য করতে না পেরে ছাত্রদল পেশিশক্তির ওপর ভর করে নির্বাচন কমিশন অফিস ঘেরাও করেছে।

রোববার (১৮ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্টে এক পোস্টে এ অভিযোগ করেন তিনি।

নুরুল ইসলাম সাদ্দাম বলেন, শিক্ষার্থীদের ম্যান্ডেটের উপর কোনো আস্থা এই সংগঠনের নেই। শিক্ষার্থীরাও এ কারণে তাদের প্রতিটি ক্যাম্পাসে ছাত্রদলকে পরিত্যাগ করেছে। এভাবে শিক্ষার্থীদের বিরুদ্ধে গিয়ে রাজনীতি করা সম্ভব কি? শিক্ষার্থীদের অধিকারের সঙ্গে তামাশা করলে সমুচিত জবাব পাবেন ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, এর আগে প্রতিটি ছাত্রসংসদ নির্বাচন পেছানোর জন্য ছাত্রদল চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। এরপর বিএনপির সিন্ডিকেট ব্যবহার করে শাকসু নির্বাচনও বানচাল করার চক্রান্ত করেছে। এতে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করে এবং সেই আন্দোলনে ছাত্রদলের প্যানেলও অংশ নেয়।

সাদ্দাম অভিযোগ করেছেন, আজ আবার কেন্দ্রের নেতারা শাকসু নির্বাচন রোধের জন্য নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি করছে। বিএনপি ক্ষমতায় থাকাকালীন একবারও কোনো ছাত্রসংসদ নির্বাচন দেয়নি। ‘ভোটাধিকারের জন্য আন্দোলন’ কেবল রাজনৈতিক বক্তব্য।

ছাত্রদলের অবস্থান কর্মসূচি ও দাবিসমূহ

এর আগে, নির্বাচন কমিশনের বিভিন্ন সিদ্ধান্তের প্রতিবাদ ও তিন দফা দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে সড়কে অবস্থান নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

অবস্থান কর্মসূচিতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসিরসহ কেন্দ্রীয় সংসদের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নেতাকর্মীরা বিভিন্ন বিতর্কিত সিদ্ধান্তের বিরুদ্ধে স্লোগান দেন এবং দাবিতে অনড় অবস্থান জানান।

ছাত্রদলের তিন দফা দাবি হলো

১. পোস্টাল ব্যালট সংক্রান্ত সিদ্ধান্ত বাতিল: নির্বাচন কমিশনের পক্ষপাতদুষ্ট ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত বাতিলের দাবি।

২. কমিশনের স্বাধীনতা নিশ্চিত করা: বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর প্রভাবে হঠকারী ও অদূরদর্শী সিদ্ধান্ত গ্রহণ থেকে বিরত থাকার দাবি।

৩. শাবিপ্রবি সংক্রান্ত প্রজ্ঞাপন প্রত্যাহার: বিশেষ রাজনৈতিক দলের প্রভাবে জারি বিতর্কিত প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবি, যা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চার জন্য হুমকি হিসেবে দেখা হচ্ছে।

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *