সোনালী যুগের জনপ্রিয় অভিনেতা ইলিয়াস জাভেদ আর নেই
দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করা বাংলা সিনেমার সোনালী যুগের জনপ্রিয় নায়ক ইলিয়াস জাভেদ আজ রাজধানীর উত্তরার একটি হাসপাতালে মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
বুধবার (২১ জানুয়ারি) খবরটি নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সনি রহমান।
সনি রহমান বলেন, ‘জাভেদ ভাই দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। আজ তিনি চিরবিদায় নিয়ে চলে গেছেন। সবাই তাঁর আত্মার শান্তির জন্য দোয়া করবেন।’
জাভেদ দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন। এছাড়া হার্টের সমস্যাও ছিল তাঁর। এর আগে তিনি দুবার হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন।
১৯৬৪ সালে উর্দু ছবি ‘নয়ি জিন্দেগি’-তে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন জাভেদ। তবে ১৯৬৬ সালে ‘পায়েল’ সিনেমার পর দর্শকপ্রিয়তা আরও বাড়ে। ওই সিনেমায় তাঁর নায়িকা ছিলেন শাবানা।
ইলিয়াস জাভেদ ছিলেন একজন দক্ষ নৃত্য পরিচালকও। নৃত্য পরিচালনায় চলচ্চিত্র জগতে অভিষেক ঘটলেও পরবর্তীতে নায়ক হিসেবে প্রধান চরিত্রে অভিনয় করেন শতাধিক চলচ্চিত্রে। তাঁর কাজের মধ্যে ‘নিশান’ চলচ্চিত্রটি বিশেষভাবে পরিচিত।
চিত্রনায়ক জাভেদের জন্ম ১৯৪৪ সালে ব্রিটিশ ভারতের পেশাওয়ারে। পরে স্বপরিবারে পাঞ্জাবে চলে আসেন। ১৯৮৪ সালে চিত্রনায়িকা ডলি চৌধুরীকে বিয়ে করেন তিনি।
