দেশে প্রতিটি উপজেলায় কারিগরি স্কুল প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী

দেশে প্রতিটি উপজেলায় কারিগরি স্কুল প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী

দেশের প্রতিটি উপজেলায় একটি করে কারিগরি স্কুল প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়েছে সরকার বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। তিনি বলেন, কারিগরি শিক্ষার প্রসার ও দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে ইতোমধ্যেই বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে জাতীয় সংসদে বরিশাল-৩ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীন উত্থাপিত প্রস্তাবের জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

তিনি জানান, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কারিগরি শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন এবং তার নির্দেশনায় এই খাতে ব্যাপক উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, কারিগরি শিক্ষা নিয়ে তার পূর্ববর্তী গবেষণাও এখন জাতীয় পর্যায়ে গুরুত্ব পাচ্ছে। ইতোমধ্যে বিভিন্ন এলাকায় কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের কাজ শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে দেশের সব উপজেলায় এই উদ্যোগ বাস্তবায়ন করা হবে।

তিনি অতীতের উদ্যোগের কথাও তুলে ধরে বলেন, খালেদা জিয়ার সময় ৬৪ জেলায় পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন করা হয়েছিল, যা দেশের কারিগরি শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সেই ধারাবাহিকতায় বর্তমান সরকার আরও বিস্তৃত পরিকল্পনা নিয়ে এগোচ্ছে।

এ সময় তিনি উল্লেখ করেন, বরিশাল অঞ্চলে কারিগরি স্কুল স্থাপনের কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে। তাই উত্থাপিত প্রস্তাবের বিষয়ে নতুন করে সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন নেই বলে তিনি মনে করেন।

শিক্ষামন্ত্রী সংশ্লিষ্ট সংসদ সদস্যকে প্রস্তাবটি প্রত্যাহারের অনুরোধ জানিয়ে বলেন, সরকার যেহেতু ইতোমধ্যে এই বিষয়ে কার্যক্রম হাতে নিয়েছে, তাই প্রস্তাবটি আর প্রয়োজনীয় নয়।

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *