নয়াপল্টনে বড় সমাবেশের ইঙ্গিত দিলেন রিজভী
আসন্ন মে দিবস উপলক্ষে বড় ধরনের শ্রমিক সমাবেশের ইঙ্গিত দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেছেন, জাতীয়তাবাদী শ্রমিক দল এবারের মে দিবসে একটি বৃহৎ ও তাৎপর্যপূর্ণ সমাবেশ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে।
শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রিজভী জানান, ইতোমধ্যে সমাবেশকে সফল করতে বিভিন্ন প্রস্তুতি সভা শুরু হয়েছে এবং পহেলা মে পর্যন্ত এসব কার্যক্রম চলবে।
তিনি বলেন, এবারের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এই সমাবেশকে ‘ঐতিহাসিক’ করে তুলতে দলীয় নেতাকর্মীরা সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি।
মে দিবসের গুরুত্ব তুলে ধরে রিজভী বলেন, ১৮৮৬ সালের হে মার্কেটের আত্মত্যাগ আজও বিশ্বজুড়ে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের আন্দোলনে প্রেরণা জোগায়। এই দিবস শুধু শ্রমিক শ্রেণীর জন্য নয়, বরং অধিকারবঞ্চিত সকল মানুষের জন্য গুরুত্বপূর্ণ।
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেনসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
