“জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে রাজপথে গণপ্রতিরোধ গড়ে তোলা হবে”- মো. মোবারক হোসাইন

“জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে রাজপথে গণপ্রতিরোধ গড়ে তোলা হবে”- মো. মোবারক হোসাইন

যশোর জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে রুকন শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মে) আয়োজিত এ শিক্ষাশিবিরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মো. মোবারক হোসাইন।

তিনি বলেন, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছে। বাজারে কার্যকর তদারকি ও জবাবদিহিতার অভাবে অসাধু সিন্ডিকেট ব্যবসায়ীরা ইচ্ছামতো পণ্যের দাম বাড়াচ্ছে। তিনি সিন্ডিকেট, টেন্ডারবাজি ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

মোবারক হোসাইন বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি দায়িত্বশীল বিরোধী দল হিসেবে নিজেদের প্রমাণ করেছে। তিনি বলেন, “আমরা অন্যদের মতো বিরোধী দল হবো না, কারণ আমরা দেশকে ভালোবাসি।”

তিনি আরও বলেন, সরকার যদি জনগণের কল্যাণে কাজ করে তবে জামায়াত ইতিবাচক উদ্যোগে সহযোগিতা করবে। তবে জনগণের স্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত নিলে “জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে গণপ্রতিরোধ গড়ে তোলা হবে” বলেও হুঁশিয়ারি দেন তিনি।

বক্তব্যে তিনি দেশে আধুনিক ক্যান্সার চিকিৎসা ও গবেষণার সুযোগ বৃদ্ধির প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন। এ লক্ষ্যে জাপান সরকারের সহযোগিতায় বাংলাদেশে আন্তর্জাতিক মানের ক্যান্সার ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার কথা জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর শায়খ ড. মাওলানা মুহাম্মাদ আব্দুস সামাদ। সভাপতিত্ব করেন যশোর জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রসূল এমপি।

এসময় কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আবু সাদেক, জেলা নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান, জেলা সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর ছিদ্দিকসহ জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *