মানারাতে অনুষ্ঠিত হলো ‘দ্য রিজন রেনেসাঁ’: যুক্তি, চিন্তা ও নতুন ভাবনার উৎসব
নিজস্ব প্রতিনিধি
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেট ক্লাবের (এমআইইউডিসি) আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী বিতর্ক প্রতিযোগিতা “The Reason Renaissance- Reignite the Age of Ideas”। যুক্তি, বিশ্লেষণ ও মুক্তচিন্তার চর্চাকে কেন্দ্র করে আয়োজিত এ প্রতিযোগিতা শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রাণবন্ত ও বুদ্ধিবৃত্তিক পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিতার্কিক, সংগঠক ও বিচারকরা অংশ নেন। আয়োজনজুড়ে ছিল তর্ক-বিতর্ক, বিশ্লেষণধর্মী উপস্থাপনা এবং সমসাময়িক বিষয় নিয়ে গভীর আলোচনা।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমআইইউডিসির উপদেষ্টা অধ্যাপক ড. রামিত আজাদ এবং মডারেটর ড. আবুল কালাম আজাদ।
বিচারক প্যানেলে ছিলেন এমআইইউর আইন বিভাগের প্রভাষক জুয়েল রানা, ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির (ডিইউডিএস) সাদিয়া আফরিন ও সাব্বির আহমেদ শিশির, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেটিং অর্গানাইজেশনের (জুডো) হাসিব বিন আবদুল হাই, এমআইইউডিসির সাবেক সভাপতি-সাধারণ সম্পাদক- হাসিব আহমেদ, মোঃ সাগর পাটোয়ারী, এমআইইউডিসির সাবেক সভাপতি সুজায়েত উল্লাহ, মেহজাবিন চৌধুরীসহ বিভিন্ন বিতর্ক সংগঠনের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এমআইইউডিসির সভাপতি মো. মাহফুজুর রহমান খান এবং পুরো আয়োজনের সমন্বয় করেন সাধারণ সম্পাদক মো. মোরশেদুল ইসলাম।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় টিম “Aurea”। দলের সদস্যরা হলেন- মো. শামসুদ্দিন, হাসান জেহাদি ও জয়া আক্তার রোজা। রানারআপ হয় টিম “Lumina”। দলের সদস্যরা হলেন- এম. এ. রাফি, শাহিনা খাতুন সাবিনা ও মুবাশশিরা জান্নাত মাহি।
আয়োজনের ব্যাপারে জানতে চাইলে এমআইইউডিসির সভাপতি মো. মাহফুজুর রহমান খান বলেন, “‘The Reason Renaissance’ আমাদের জন্য শুধু একটি প্রতিযোগিতা নয়; এটি যুক্তি, চিন্তা ও মুক্তচিন্তার এক নবজাগরণ। এই রেনেসাঁসের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের মধ্যে বুদ্ধিবৃত্তিক সংস্কার (reform) তৈরি করা, যেখানে তারা প্রচলিত চিন্তার গণ্ডি ভেঙে নতুনভাবে ভাবতে শিখবে। আমরা বিশ্বাস করি, এই প্ল্যাটফর্মের মাধ্যমে শিক্ষার্থীরা কেবল বিতার্কিক হিসেবে নয়, বরং সচেতন, দায়িত্বশীল এবং পরিবর্তন-আকাঙ্ক্ষী নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলবে এবং সমাজে ইতিবাচক রূপান্তরের অংশ হবে।”
