সৌদিতে আগুনে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রীর শোক
নিজস্ব প্রতিবেদক
সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নাগরিকের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
এক শোকবার্তায় তারা নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে এই অপূরণীয় ক্ষতি ও শোকের সময়ে বাংলাদেশ সরকার নিহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে।
অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই রিয়াদে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। নিহতদের পরিচয় শনাক্ত করা এবং মরদেহ দেশে পাঠানোর আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করে কাজ করছে দূতাবাস।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পুরো পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় সহায়তা ও সহযোগিতা দেওয়া হচ্ছে।
