জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি করলে কেউ ছাড় পাবে না: জামায়াত আমির

জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি করলে কেউ ছাড় পাবে না: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক

জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশের ১৮ কোটি মানুষের অধিকার আদায়ে ১১ দল আজ রাজপথে নেমেছে। জনগণের অধিকার আজ লুণ্ঠিত হচ্ছে। দেশে গ্যাস নেই, পানি নেই—এসব বিষয় নিয়েও কথা বলা যাচ্ছে না।

তিনি বলেন, ‘কোনো চাঁদাবাজি ও দুর্নীতি বরদাশত করা হবে না। জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় দেওয়া হবে না।’

গ্যাস ও পানির সংকটের বিষয়ে কথা বলার কারণে সিফাতকে গ্রেপ্তার করা হয়েছে দাবি করে জামায়াতের আমির বলেন, ‘সিফাতকে না ছাড়লে সব ওলটপালট হয়ে যেতে পারে।’

তিনি আরও বলেন, দেশের ১৮ কোটি মানুষের দাবি আদায়ে ১১ দল অঙ্গীকারবদ্ধ। তাঁদের কর্মসূচির ‘ওষুধ’ ইতোমধ্যে কাজ করা শুরু করেছে।

ডা. শফিকুর রহমান বলেন, ‘গন্তব্যের পথে বাধা দিলে লড়াই হবে।’ তবে তিনি তাঁদের কর্মসূচিকে শান্তিপূর্ণ বলে উল্লেখ করেন।

এর আগে গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি রোধ, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবিতে ১১ দলীয় ঐক্যের লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু হয়।

সকাল ৭টায় পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে সমাবেশের কার্যক্রম শুরু হয়। উদ্বোধনী বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।

ডা. শফিকুর রহমানের বক্তব্যের পর চট্টগ্রাম অভিমুখে লংমার্চের বহর রওনা হওয়ার কথা রয়েছে। পথে নারায়ণগঞ্জের কাচপুর ব্রিজসংলগ্ন ট্রাকস্ট্যান্ড, কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড, ফেনীর মহীপাল ও মীরসরাইয়ে পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সবশেষ চট্টগ্রামের লালদীঘি ময়দানে জনসভা অনুষ্ঠিত হবে।

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *