দেশে ৫৮ হাজারের বেশি চিকিৎসক ঘাটতি, সংসদে জানালেন স্বাস্থ্যমন্ত্রী

দেশে ৫৮ হাজারের বেশি চিকিৎসক ঘাটতি, সংসদে জানালেন স্বাস্থ্যমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক

দেশে প্রয়োজনের তুলনায় ৫৮ হাজার ৫৯৮ জন চিকিৎসকের ঘাটতি রয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মো. মোশারফ হোসেনের এক লিখিত প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে বিকেল ৩টায় সংসদের বৈঠক শুরু হয়।

সংসদে দেওয়া তথ্যমতে, চলতি ২০২৬ সালে দেশের প্রয়োজন অনুযায়ী প্রায় ৮৮ হাজার ৯০৯ জন চিকিৎসক প্রয়োজন। বিপরীতে বর্তমানে কর্মরত চিকিৎসকের সংখ্যা ৩০ হাজার ৩১১ জন। ফলে প্রয়োজনের তুলনায় ঘাটতি রয়েছে ৫৮ হাজার ৫৯৮ জনের।

স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসকের অনুমোদিত পদ রয়েছে মোট ৪১ হাজার ৮০৬টি। এর মধ্যে বর্তমানে ৩০ হাজার ৩১১ জন চিকিৎসক কর্মরত আছেন। ফলে সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে চিকিৎসকের ১১ হাজার ৪৯৫টি পদ শূন্য রয়েছে।

জনসংখ্যার অনুপাতে চিকিৎসকের প্রয়োজন নির্ধারণে আন্তর্জাতিক ও জাতীয় স্বাস্থ্য জনবল মানদণ্ড বিবেচনা করা হয় বলে জানান মন্ত্রী। তিনি বলেন, সরকারি অর্থায়নে পরিচালিত ২০২৬ সালের একটি গবেষণায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার ন্যূনতম মানদণ্ড অনুসরণ করা হয়েছে। প্রতি এক হাজার মানুষের বিপরীতে শূন্য দশমিক ৫০ জন চিকিৎসক ধরে ওই মানদণ্ড অনুযায়ী দেশে ২০২৬ সালে প্রায় ৮৮ হাজার ৯০৯ জন চিকিৎসকের প্রয়োজন হবে।

তবে দেশের মোট চিকিৎসকের সংখ্যা এবং সরকারি স্বাস্থ্যসেবা ব্যবস্থায় কর্মরত চিকিৎসকের সংখ্যা এক নয় বলেও সংসদে উল্লেখ করেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি জানান, সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের শূন্য পদ পূরণ এবং জনগণের প্রয়োজন অনুযায়ী চিকিৎসকের সংখ্যা বাড়াতে সরকার বিভিন্ন নিয়োগ কার্যক্রম হাতে নিয়েছে। এরই মধ্যে ৪৪তম ও ৪৮তম বিশেষ বিসিএসের মাধ্যমে উল্লেখযোগ্যসংখ্যক চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে।

এ ছাড়া ৪৫তম, ৪৬তম, ৪৭তম ও ৫০তম বিসিএসের মাধ্যমে সহকারী সার্জন নিয়োগের কার্যক্রমও চলমান রয়েছে বলে জানান তিনি।

সরকারের চলমান নিয়োগ কার্যক্রমের মাধ্যমে সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের শূন্য পদগুলো পর্যায়ক্রমে পূরণ করা হবে বলে সংসদে জানান স্বাস্থ্যমন্ত্রী। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী নতুন পদ সৃষ্টি করে জনগণের জন্য সহজলভ্য, মানসম্মত ও জনবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিত করার কার্যক্রম অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন তিনি।

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *