ভেনিসে হেনস্তার শিকার বাঁধন, ফেসবুক লাইভে তুলে ধরলেন ঘটনার বর্ণনা

ভেনিসে হেনস্তার শিকার বাঁধন, ফেসবুক লাইভে তুলে ধরলেন ঘটনার বর্ণনা

বিনোদন ডেস্ক

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে শারীরিক হেনস্তার শিকার হওয়ার অভিযোগ করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাতে ফেসবুক লাইভে এসে ঘটনার বিস্তারিত বর্ণনা দেন তিনি।

বাঁধনের অভিযোগ, ভেনিসে একটি পার্কে ভাইয়ের সঙ্গে যাওয়ার পর একদল বাঙালি তাকে শারীরিকভাবে হেনস্তা করেন। এ সময় তার দিকে পানি ও কোমল পানীয় ছোড়া হয় এবং তাকে মারধর করা হয়। এতে তার কানে আঘাত লাগে এবং তার ফোনও ফেলে দেওয়া হয় বলে জানান তিনি।

ফেসবুক লাইভে বাঁধন বলেন, ‘আমি আমার ভাইয়ের সঙ্গে পার্কে গিয়েছিলাম। কিন্তু এখানে অনেক বাঙালি ভাই এসে আমাকে শারীরিকভাবে হেনস্তা করেছে। আমার গায়ে পানি, কোক এগুলো ছুড়ে মারছে। আমি একদম ভিজে গেছি। আমার ভাইয়ের ছোট বাচ্চাটাও সঙ্গে ছিল। তারা আমার গায়ে হাত তুলেছে, আমার ফোন ফেলে দিয়েছে এবং কানের এখানে আঘাত করেছে।’

বাঁধনের ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা তাকে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে আখ্যায়িত করে এবং ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে চাপ দেয়। তারা এসব কর্মকাণ্ড ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারও করেছে বলে অভিযোগ করেন তিনি।

অভিনেত্রী বলেন, ‘হ্যাঁ, আমি জুলাই যোদ্ধা। আমি অবশ্যই জুলাইয়ের আন্দোলনে অংশগ্রহণ করেছি।’

ঘটনার পেছনে আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা জড়িত বলে অভিযোগ করেছে সংশ্লিষ্ট সূত্র। ছড়িয়ে পড়া একটি ভিডিওতেও হামলাকারীদের একজনকে বাঁধনকে নিয়ে মন্তব্য করতে দেখা গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্টদের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

বাঁধন আরও বলেন, তিনি যে সিনেমাটি নিয়ে ভেনিস চলচ্চিত্র উৎসবে গেছেন, সেটির পরিচালক রুবাইয়াত হোসেন। জুলাইয়ের পরও তার সঙ্গে কাজ করেছেন বলে জানান তিনি।

ঘটনার পর বাঁধনের মুখে আঘাতের চিহ্ন ও আতঙ্কের ছাপ দেখা যায়। এ ঘটনায় ভেনিসের একটি থানায় তিনি অভিযোগ করেছেন বলেও জানা গেছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের সময় রাজপথে সক্রিয় ছিলেন বাঁধন। পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমেও তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দিয়েছিলেন তিনি। সেই রাজনৈতিক অবস্থানের জেরেই ভেনিসে তাকে হেনস্তা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *