ধর্ষণ-নারী নির্যাতনসহ সব অপরাধ সমাজ থেকে মুছে দেবে বিএনপি: রিজভী
নিজস্ব প্রতিবেদক
সমাজ থেকে ধর্ষণ, নারী নির্যাতনসহ সব ধরনের অপরাধ নির্মূল করার প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
শনিবার (১২ সেপ্টেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, নারীর ক্ষমতায়ন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করছে। এসব কার্যক্রম সফল করতে মহিলা দলের নেতাকর্মীদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, ‘আজকে বিএনপি ক্ষমতায়, আমাদের প্রত্যেকেই সরকারের অংশ। শুধু পদ-পদবি থাকলেই সরকারের অংশ হতে হবে, তা নয়।’
মহিলা দলের নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, প্রধানমন্ত্রীর সরকারে মহিলা দলের নেতাকর্মীদেরও রক্ত-ঘাম রয়েছে। তাঁরাও সরকারের অংশ।
নারীর ক্ষমতায়নে সরকারের নেওয়া ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচিকে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন রিজভী। তিনি বলেন, এই কর্মসূচি সফল করতে মহিলা দলের নেত্রীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
রিজভী বলেন, নারীর ক্ষমতায়ন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ সাধারণ মানুষের কাছে তুলে ধরতে হবে। এ বিষয়ে মহিলা দলের নেতাকর্মীদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, নারীর নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সমাজ থেকে ধর্ষণ, নারী নির্যাতনসহ সব ধরনের অপরাধ দূর করতে সরকারকে কার্যকর ভূমিকা রাখতে হবে। বিএনপি এ লক্ষ্য বাস্তবায়নে কাজ করবে।
অনুষ্ঠানে মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নারী অধিকার, সামাজিক নিরাপত্তা ও নারীর ক্ষমতায়ন নিয়ে অনুষ্ঠানে আলোচনা হয়।
