চট্টগ্রামে জনতা ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামে জনতা ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি

চট্টগ্রাম নগরীর হালিশহর থেকে মোহাম্মদ আবুল হোসাইন নামে জনতা ব্যাংকের এক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) খোরশেদবাগ আবাসিক এলাকার ইম্পেরিয়াল আরকিট ভবনের ৬/বি নম্বর ফ্ল্যাট থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে একটি চিরকুটও উদ্ধার করেছে পুলিশ।

পুলিশের দাবি, মৃত্যুর আগে লেখা ওই চিরকুটে আবুল হোসাইন গত কয়েক মাস ধরে নানা সমস্যার কথা উল্লেখ করেছেন। বিশেষ করে জনতা ব্যাংকের মোহাম্মদপুর শাখার দায়িত্ব নেওয়ার পর ঋণ দেওয়া-না দেওয়া, বদলি ও অন্যান্য বিষয় নিয়ে তিনি চাপের মধ্যে ছিলেন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

চিঠিতে তিনি আরও লিখেছেন, বিভিন্ন ব্যবসা এবং মানুষের কাছে পাওনা টাকা না পাওয়ায় গত কয়েক মাস ধরে তিনি কষ্টে ছিলেন। সর্বশেষ গত ৪ আগস্ট স্ত্রীর নামে থাকা একটি ফ্ল্যাট বিক্রির জন্য বায়না করার কথাও উল্লেখ করেন তিনি। স্ত্রীকে নিয়ে চিঠিতে আবুল হোসাইন লিখেছেন, তাঁর মতো মমতাময়ী ও দরদী স্ত্রী পাওয়া তাঁর সৌভাগ্য।

এ ছাড়া প্রায় দুই সপ্তাহ আগে তিনি জানতে পারেন, ২০২১ সালের একটি চেকের ঘটনায় লালদীঘি শাখার তৎকালীন ব্যবস্থাপক (জিবি) হিসেবে তাঁর নামসহ কয়েকজন সহকর্মীর বিরুদ্ধে সম্প্রতি একটি সিআর মামলা হয়েছে। চিঠিতে নিজেকে নির্দোষ দাবি করে বিষয়টি নিয়ে গত দুই-তিন সপ্তাহ ধরে ঘুমাতে পারছেন না বলেও উল্লেখ করেন তিনি।

চিঠির শেষ অংশে স্ত্রী ও দুই সন্তানের দেখভালের অনুরোধ জানিয়ে আবুল হোসাইন লিখেছেন, তাঁর মৃত্যুর জন্য কেউ দায়ী নন এবং সবাই যেন তাঁকে ক্ষমা করে দেন বলে জানিয়েছে পুলিশ।

আবুল হোসাইন জনতা ব্যাংকের ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। তাঁর স্ত্রী শারমিন আক্তার হালিশহর থানায় একটি অপমৃত্যুর মামলা ও এজাহার দায়ের করেছেন।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *