নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২
আন্তর্জাতিক ডেস্ক
নাইজেরিয়ায় সামরিক বাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৩২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২৫ জন যাত্রী এবং সাতজন পাইলট ও ক্রু সদস্য ছিলেন।
সোমবার (৫ অক্টোবর) দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ওন্দো রাজ্যে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গভীর শোক জানিয়েছেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা তিনুবু।
এক বিবৃতিতে প্রেসিডেন্ট বলেন, বিমানবাহিনীর প্রধান তাকে দুর্ঘটনার বিষয়ে অবহিত করেছেন। দুর্ঘটনার কারণ জানতে দ্রুত পূর্ণাঙ্গ তদন্ত শুরু করতে বিমানবাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।
নাইজেরিয়ার বিমান চলাচলবিষয়ক মন্ত্রী ফেস্টাস কিয়ামো জানান, বিমানবাহিনীর একটি এটিআর-৪২ উড়োজাহাজ নিয়মিত মিশনে বেনিন সিটি থেকে লাগোসের উদ্দেশে যাচ্ছিল। স্থানীয় সময় সকাল ৮টা ১৩ মিনিটে উড়োজাহাজটির সঙ্গে এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণকক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
পরে উপকূলীয় শহর ইগবোকোদার কাছে একটি নৌঘাঁটির আশপাশে উড়োজাহাজটির ধ্বংসাবশেষ পাওয়া যায়। সেখানে অনুসন্ধান ও উদ্ধারকারী দল মোতায়েন করা হয়। বিমানবাহিনী জানিয়েছে, দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়েছিল।
স্থানীয়দের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম মিরর জানিয়েছে, উড়োজাহাজটি একটি নদীর কাছে বিধ্বস্ত হয় এবং এর ধ্বংসাবশেষের কিছু অংশ পানিতে তলিয়ে যায়। দুর্ঘটনার সময় স্থানীয় বাসিন্দারা বিকট শব্দ শুনতে পেয়েছেন বলেও জানান।
দুর্ঘটনাস্থল থেকে নিহতদের দেহের বিভিন্ন অংশ, পোশাক ও জুতাসহ উড়োজাহাজটির ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে।
সাম্প্রতিক বছরগুলোতে নাইজেরিয়ায় ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনাগুলোর মধ্যে এটিকে অন্যতম হিসেবে দেখা হচ্ছে।
সূত্র: রয়টার্স
