সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের দুই প্রবাসীর মরদেহ দেশে
সিলেট প্রতিনিধি
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের দুই প্রবাসীর মরদেহ দেশে এসে পৌঁছেছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা ১১টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০৬ ফ্লাইটে মরদেহ দুটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।
পরে বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্কসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করেন। এরপর অ্যাম্বুলেন্সে করে মরদেহ নিজ নিজ গ্রামের বাড়িতে পাঠানো হয়।
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্কের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) তাজউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পক্ষ থেকে প্রাথমিকভাবে নিহতদের পরিবারকে ৩৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। পরবর্তীতে তাদের পরিবারকে আরও ৩ লাখ টাকা করে অনুদান দেওয়া হবে।
জানা গেছে, গত ৭ সেপ্টেম্বর দেশে ফেরার উদ্দেশ্যে সৌদি আরবের তায়েফ থেকে জেদ্দা বিমানবন্দরে যাওয়ার পথে আল-খুরমা এলাকায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। এতে গাড়ির চালকসহ চার বাংলাদেশি নিহত হন।
নিহতদের মধ্যে সিলেটের কানাইঘাট উপজেলার দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের গাছবাড়ী এলাকার লামার তালুক গ্রামের আব্দুল করিম ও খালিদ আহমদ রয়েছেন।
দীর্ঘ অপেক্ষার পর স্বজনদের মরদেহ দেশে পৌঁছানোয় পরিবারের সদস্যদের মধ্যে শোকের আবহ নেমে এসেছে।
