ডুবন্ত কন্টেইনারে ইয়াবা পাচারের অভিনব কৌশল!
মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে ডুবন্ত কন্টেইনারে করে পানির নিচ দিয়ে বিশেষ কৌশলে ইয়াবা পাচারের চেষ্টা নস্যাৎ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। অভিযানে একটি বিশেষ ধরনের ডুবন্ত ক্যারিয়ার, প্রায় দুই কিলোমিটার স্টিলের তার, উচ্চক্ষমতাসম্পন্ন ব্যাটারি ও ইলেকট্রিক মোটর উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার পরিমাণ ১১ রাউন্ড গুলি, ২ লাখ ২০ হাজার ইয়াবা ও পাচারে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামসহ আটকের তথ্য জানিয়েছে বিজিবি।
বিজিবি জানায়, গত ১২ অক্টোবর রাতে উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবির আওতাধীন পালংখালী ও বালুখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় ৯টি কপিকল, বিশেষ ধরনের ডুবন্ত ক্যারিয়ার, প্রায় দুই কিলোমিটার স্টিলের তার, উচ্চক্ষমতাসম্পন্ন ব্যাটারি ও ইলেকট্রিক মোটর উদ্ধার করা হয়।
বিজিবির দাবি, ইলেকট্রিক মোটর, স্টিলের তার ও কপিকলের সাহায্যে ক্যারিয়ারটি পানির নিচ দিয়ে ফাইস্যা খাল হয়ে বাংলাদেশের প্রায় এক থেকে দেড় কিলোমিটার ভেতরে টেনে নেওয়া হতো। তাদের ধারণা, এ ধরনের একটি ক্যারিয়ারের মাধ্যমে একসঙ্গে প্রায় ৩০ লাখ ইয়াবা পরিবহন করা সম্ভব।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবির মিডিয়া ব্রিফিংয়ে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম এসব তথ্য জানান।
বিজিবি আরও জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত উখিয়া ব্যাটালিয়নের আওতাধীন এলাকায় প্রায় ১ কোটি ৬৬ লাখ ৩০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া মাদক চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২২৮ জনকে আটক করা হয়েছে।
