ভারতে জেন-জিদের আন্দোলন বাংলাদেশের আন্দোলন থেকে অনুপ্রাণিত: নেহা বোরা

ভারতে জেন-জিদের আন্দোলন বাংলাদেশের আন্দোলন থেকে অনুপ্রাণিত: নেহা বোরা

আন্তর্জাতিক ডেস্ক

ভারতে তরুণ প্রজন্মের (জেন-জি) চলমান আন্দোলন বাংলাদেশের আন্দোলন থেকে অনুপ্রাণিত বলে মন্তব্য করেছেন ভারতীয় ছাত্রনেত্রী নেহা বোরা। তিনি বলেছেন, বাংলাদেশে শুরু হওয়া গণতন্ত্র ও ভোটাধিকারের আন্দোলন ভারতের তরুণদেরও পথ দেখিয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) বাংলাদেশের সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ষষ্ঠ জাতীয় সম্মেলন উপলক্ষে পাঠানো এক বার্তায় এ কথা বলেন তিনি।

নেহা বোরা বলেন, “সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ষষ্ঠ জাতীয় সম্মেলনে বিপ্লবী শুভেচ্ছা। আমরা আপনাদের লাল সালাম জানাই। আমরা সবাই জানি, ভারতে এখন যে জেন-জি আন্দোলন চলছে, সেটির শুরু হয়েছিল বাংলাদেশে। আপনাদের শুভেচ্ছা আমাদের পথ দেখিয়েছে এবং এ দেশের আন্দোলনকারীদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছে।”

তিনি বলেন, বাংলাদেশে শুরু হওয়া আন্দোলন ছিল গণতন্ত্র ও ভোটাধিকারের জন্য। বর্তমানে ভারতেও তরুণেরা ভোটাধিকারের দাবিতে লড়াই করছেন। বাংলাদেশে ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে যে লড়াই চলছে, ভারতেও তরুণেরা একই ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন বলে মন্তব্য করেন তিনি।

ভারতের এই ছাত্রনেত্রী আরও বলেন, বাংলাদেশের ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান চাপ ও হুমকির মুখে রয়েছে। ভারতের বিশ্ববিদ্যালয়গুলোও একই পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। সেখানে শিক্ষার বেসরকারীকরণ এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে হিন্দুত্ববাদী আদর্শের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি।

নেহা বোরা বলেন, এসব প্রচেষ্টার বিরুদ্ধে তাঁরা লড়াই চালিয়ে যাবেন।

বক্তব্যের শেষে বাংলাদেশ ও ভারতের তরুণেরা একসঙ্গে একটি সম্ভাবনাময় দক্ষিণ এশিয়া এবং বিশ্ব গড়ে তুলতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

উল্লেখ্য, ভারতের রাজনীতিতে সাম্প্রতিক সময়ে তরুণদের আন্দোলন নতুন করে আলোচনায় এসেছে। নেহা বোরার ভাষ্য অনুযায়ী, বাংলাদেশের গণতন্ত্র ও ভোটাধিকারের আন্দোলন ভারতীয় তরুণদের এই লড়াইয়ে অনুপ্রেরণা জুগিয়েছে।

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *