ছুটি শেষে চেনা রূপে ঢাকা, সড়কে যানজট-গণপরিবহনে উপচে পড়া ভিড়
নিজস্ব প্রতিবেদক
দুর্গাপূজার পাঁচ দিনের দীর্ঘ ছুটি শেষে আবারও চেনা কর্মব্যস্ত রূপে ফিরেছে রাজধানী ঢাকা। রোববার (২৫ অক্টোবর) সকাল থেকেই সড়কে বেড়েছে যানবাহনের চাপ, গণপরিবহনে দেখা গেছে যাত্রীদের ভিড়। কোথাও যানজট, কোথাও বাসের জন্য দীর্ঘ অপেক্ষা—সব মিলিয়ে কর্মস্থলে ফেরা নগরবাসীকে পড়তে হয়েছে ভোগান্তিতে।
সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে বাস, ব্যক্তিগত গাড়ি, সিএনজিচালিত অটোরিকশা, রিকশা ও মোটরসাইকেলের চলাচল বেড়ে যায়। অফিস, ব্যবসাপ্রতিষ্ঠানসহ নানা কাজে বের হওয়া মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে সড়ক ও ফুটপাত। বাস এলেই ওঠার জন্য যাত্রীদের ভিড় করতে দেখা যায়। আসন না পেয়ে অনেকে দাঁড়িয়ে গন্তব্যে যান, আবার ভিড়ের কারণে কেউ কেউ পরের বাসের জন্য অপেক্ষা করেন।
রোববার সকালে রাজধানীর রামপুরা, হাতিরঝিল, বাড্ডা, মালিবাগ, মৌচাক ও পল্টন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, সকাল ৮টার পর থেকেই সড়কে যানবাহনের চাপ বাড়তে থাকে। বিভিন্ন স্থানে বাসের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করেন অফিসগামী যাত্রীরা। যাত্রী ওঠানো-নামানোর কারণে কোথাও কোথাও যানবাহনের গতি কমে আসে। ব্যস্ত সড়কে গাড়ির দীর্ঘ সারি আর ফুটপাত দিয়ে দ্রুতগতিতে হেঁটে চলা মানুষের দৃশ্য জানান দিচ্ছিল, ছুটির আমেজ পেছনে ফেলে আবারও কর্মব্যস্ততায় ফিরেছে ঢাকা।
রামপুরা ও বাড্ডা এলাকায় সকাল থেকেই কর্মজীবী মানুষের ব্যস্ততা ছিল চোখে পড়ার মতো। সড়কের এক পাশে বাসের জন্য অপেক্ষা করছিলেন যাত্রীরা, অন্য পাশে ছিল যানবাহনের দীর্ঘ সারি। গণপরিবহনের পাশাপাশি ব্যক্তিগত গাড়ি, সিএনজিচালিত অটোরিকশা, রিকশা ও মোটরসাইকেলের চলাচলও ছিল বেশি।
হাতিরঝিল এলাকায়ও কর্মস্থলে ফেরার ব্যস্ততা দেখা যায়। কেউ হেঁটে, কেউ বাসে, আবার কেউ ব্যক্তিগত গাড়িতে ছুটছিলেন গন্তব্যের দিকে। যানবাহনের চাপ বাড়ায় বিভিন্ন স্থানে তৈরি হয় ধীরগতি।
মালিবাগ ও মৌচাক এলাকায় অফিসগামী মানুষের ভিড়ের সঙ্গে যুক্ত হয় যানবাহনের চাপ। বাসের জন্য অপেক্ষা, গাড়ির হর্ন আর সড়কে এগিয়ে যাওয়ার ব্যস্ততায় ফিরে আসে রাজধানীর প্রতিদিনকার চিত্র।
পল্টন এলাকায়ও সকাল থেকে বাড়তে থাকে মানুষের চলাচল। অফিস ও ব্যবসাপ্রতিষ্ঠানমুখী মানুষের ভিড়ে ব্যস্ত হয়ে ওঠে ফুটপাত। কেউ দ্রুত পায়ে হেঁটে যাচ্ছিলেন, কেউ রাস্তা পার হওয়ার সুযোগ খুঁজছিলেন। এ সময় সড়কে যানবাহনের চাপ সামলাতে চালকদের সতর্কভাবে গাড়ি চালাতে দেখা যায়।
বাড্ডা এলাকায় কর্মরত ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক পরিদর্শক মো. দেলোয়ার বলেন, দীর্ঘ ছুটির পর রোববার ছিল সপ্তাহের প্রথম কর্মদিবস। এ কারণে সড়কে যানবাহনের চাপ বেশি ছিল। সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত প্রচুর যানজটও হয়েছে। তবে ট্রাফিক পুলিশ পরিস্থিতি সামাল দিয়েছে। পরে যানবাহনের চাপ কমে আসে এবং যানজটও কমে যায়।
বাসচালক আবুল কালাম বলেন, ছুটির পর সড়কে গাড়ির চাপ অনেক বেশি ছিল। সকাল থেকেই যাত্রীও বেশি। যানজটের কারণে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে বেশি সময় লাগছে। যাত্রী ওঠানো-নামানোর সময়ও ভিড় সামলাতে হচ্ছে।
অফিসগামী যাত্রী মো. মকবুল হোসেন বলেন, ছুটির পর কাজে বের হয়ে সকালে অনেক মানুষের ভিড় দেখেছেন। বাসে ওঠার জন্য অপেক্ষা করতে হয়েছে। বাসে উঠতে পারলেও অতিরিক্ত ভিড়ের কারণে স্বস্তিতে যাতায়াত করা কঠিন হয়ে পড়েছে। যানজট থাকলে অফিসে পৌঁছাতেও দেরি হয়।
পথচারী আয়নাল হোসেন বলেন, ছুটির সময় সড়কে মানুষের চলাচল কিছুটা কম ছিল। রোববার সকাল থেকে আবার আগের মতো ভিড় দেখা যাচ্ছে। গাড়ির চাপের কারণে রাস্তা পার হতেও অপেক্ষা করতে হচ্ছে।
দুর্গাপূজার ছুটিতে রাজধানীর সড়কে তুলনামূলক স্বস্তি থাকলেও ছুটি শেষে সেই চিত্র বদলে গেছে। কর্মস্থলে ফেরা মানুষের সঙ্গে বেড়েছে গণপরিবহনের যাত্রী ও ব্যক্তিগত গাড়ির চলাচল। ফলে সপ্তাহের প্রথম কর্মদিবসের সকালেই যানজট ও গণপরিবহনের ভিড়ে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।
